ডাকাত সন্দেহে গ্রেপ্তার ২, পিস্তল, গুলি ও টাকা উদ্ধার
সাভারের বিভিন্ন এলাকায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি করার অভিযোগে সোয়েব ও হাসান নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রাজধানী ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৬টি গুলি, চারটি ম্যাগাজিন ও চার লাখ টাকা উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার পুলিশের ভাষ্যমতে, সম্প্রতি সাভারের বিভিন্ন এলাকায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা বেড়ে যায়। গ্রেপ্তার সোয়েব ও হাসান এসব ঘটনায় জড়িত। গত সোমবার রাতে রাজধানীর বকশী বাজার থেকে সোয়েবকে এবং আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। এর পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির একটি বাড়ি থেকে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ডাকাতি করে আনা স্বর্ণ বিক্রির প্রায় চার লাখ টাকা উদ্ধার করা হয়। তাঁদের মধ্য সোয়েবের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার জিরোআইস গ্রামে ও হাসানের বাড়ি আশুলিয়ার পবনারটেক এলাকায়।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সোয়েব ও হাসান জানান, ক্ষুদ্র ব্যবসা করে আড়াই লাখ টাকা জোগাড় করে বছর খানেক আগে তাঁরা দুটি পিস্তল কিনেন। পরে তাঁরা আরও একটি পিস্তল সংগ্রহ করেন। এরপর তাঁরা ওই অস্ত্র দিয়ে ডাকাতি শুরু করেন। তাঁরা আরও জানান, দিনে তাঁরা ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি ও বাসার তথ্য সংগ্রহ করতেন। রাতে গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে সর্বস্ব লুটে নিতেন। এভাবে তাঁরা গত এক বছরে সাভারের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি করেছেন। ডাকাতি করা স্বর্ণ বিক্রি করতেন রাজধানীর শাঁখারী বাজারে। আর ল্যাপটপ ও মুঠোফোন বিক্রি করতেন স্টেডিয়াম মার্কেটে।