ডাকাত সন্দেহে দুই যুবককে নির্যাতনের অভিযোগ
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে ডাকাত সন্দেহে দুই যুবককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যানের নলুয়া গ্রামের বাড়িতে ওই যুবকদের আটকে রেখে লোকজন দিয়ে নির্যাতন করা হয়। তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইউছুফ প্রথম আলোকে বলেন, তিনি ও মিজানুর রহমান চট্টগ্রামে টাইলসের মিস্ত্রির কাজ করেন। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় মিজান তাঁকে নিয়ে কবিরহাটের ভূঁইয়ারহাট এলাকায় তাঁর বড় বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে তাঁরা দুই দিন বেড়ানো শেষে রোববার চট্টগ্রামে ফিরে যান। সোমবার এলাকা থেকে মিজানের ভগ্নিপতি ফোন করে তাঁদের বলেন, ‘তোমরা আমাদের বাড়িতে আসায় চেয়ারম্যান তোমাদের ডাকাত বলে সন্দেহ করছে। স্থানীয় একটি দোকানে শুক্রবার রাতের একটি ডাকাতির ঘটনায় তোমরা জড়িত বলে আমাকে ধরে নিয়ে আটকে রেখেছে।’ ইউছুফ বলেন, এ খবর পেয়ে তাঁরা দুজন সোমবার সন্ধ্যায় চেয়ারম্যানের বাড়িতে গেলে তিনি তাঁদের আটকে রাখেন। মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যানের উপস্থিতিতে চৌকিদারসহ কয়েক ব্যক্তি তাঁদের বেদম মারধর করেন। এক পর্যায়ে ওই ব্যক্তিরা তাঁদের মাটিতে শুইয়ে চোখের মধ্যে ছোরা ঢুকিয়ে দিয়ে চোখ নষ্ট করে দেন। তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান এখন তাঁদের ফাঁসানোর জন্য অস্ত্র উদ্ধারের গল্প সাজিয়েছেন। তাই দুই চোখ বন্ধ থাকার পরও হাসপাতালে তাঁদের হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন। হাসপাতালের চক্ষু বিভাগের পরামর্শক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ইউছুফের ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাঁর বাঁ চোখ এবং মিজানের দুটি চোখ উন্নত চিকিৎসায় ভালো হতে পারে। চেয়ারম্যান নুরুল আলম ভূঁইয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল তিনি মুঠোফোনে দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিদের ডাকাত সন্দেহে সোমবার সন্ধ্যায় সদরের সোনাপুরে আটক করে মঙ্গলবার সারা দিন ভূঁইয়ারহাটে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আটক রাখা হয়। কবিরহাট থানার ওসি মাহবুবুর রহমান বলেন, চেয়ারম্যানের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে আহত অবস্থায় মিজান ও ইউছুফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে, যেহেতু অভিযুক্ত ব্যক্তিদের ডাকাত সন্দেহে আট করা হয়েছে, তাই আপাতত তাঁদের পুলিশি পাহারায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে ৫৪ ধারায় একটি প্রতিবেদন দেওয়া হবে। আহত মিজান ও ইউছুফের বাড়ি সদর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের শুল্লকিয়া গ্রামে।