ডাকাত সন্দেহে পল্লী বিদ্যুতের ২০ কর্মীকে গণপিটুনি
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গণপিটুনির শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তা-কর্মচারী। গত সোমবার দিবাগত রাতে হেলাচিয়া গ্রামে ডাকাত সন্দেহে তাঁদের পিটুনি দেয় গ্রামবাসী। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। এঁরা হলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সহকারী প্রকৌশলী কাজী হাসানুর রহমান, অভিযান সমন্বয়ক মো. সুরুজ্জামান, বার্তাবাহক মো. আবদুল লতিফ ও মিটার লেখক মো. আবুল বাশার। পল্লী বিদ্যুৎ সমিতি ও পুলিশ সূত্র জানায়, সেচ মৌসুমে বিদ্যুৎ চুরি রোধ করতে নৈশ অভিযান দল গঠন করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশল বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোল্লা আবু জিহাদের নেতৃত্বে ২০ জন সমিতির একটি পিকআপ ভ্যানে করে হেলাচিয়া গ্রামে যান। তাঁদের গ্রামে ঢুকতে দেখে মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষণা দেওয়া হয়। গ্রামবাসী জড়ো হয়ে ওই ২০ জনকে পিটুনি দেয়। খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশকে না জানিয়ে গভীর রাতে পল্লী বিদ্যুতের লোকজনের গ্রামে যাওয়ার বিষয়টি সন্দেহজনক।’মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. আবুল কালাম বলেন, সেচ মৌসুমে কেউ অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ চুরি করছে কি না, তা যাচাই করতে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা হেলাচিয়া গ্রামে গিয়েছিলেন।