ডাকাত সন্দেহে পিটুনির ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত রোববার ডাকাত সন্দেহে ছাত্রলীগের চার নেতাসহ ছয়জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনায় ১৭ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় উপজেলার রামদি ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল সাকি ওই মামলা করেন। মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে উপজেলা বিএনপির সদস্য মাহফুজুর রহমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আ. সালামকে।
পুলিশ জানায়, উপজেলার রামদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক জাভেদ মিয়া, সদস্য মো. রায়হান, উসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহান মিয়া, অটোরিকশার চালক অসীম মিয়া ও নুরুল ইসলামকে রোববার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের বেতিয়ারকান্দি মহল্লায় ডাকাত সন্দেহে বেঁধে মারধর করা হয়। এতে তাঁরা গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রলীগের নেতাদের কাছ থেকে পাওয়া ওই সময় একটি একনলা বন্দুক ও দুটি পাইপগান পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কায়কোবাদ বলেন, ‘বিষয়টিকে আমরা রাজনৈতিকভাবেই দেখব।’
উপজেলা বিএনপির সদস্য মাহফুজুর রহমান বলেন, ‘অপরাধীদের নামের সঙ্গে ক্ষমতাসীন দলের রাজনৈতিক পরিচয় থাকায় পুলিশের চোখে তাঁরা এখন সহিশুদ্ধ মানুষ। আর আমরা প্রতিপক্ষ হওয়ার কারণে ভালো কাজ করতে গিয়েও আসামি হয়ে গেলাম।’
কুলিয়ারচর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ঘটনাটি রহস্যজনক। তা ছাড়া উদ্ধার হওয়া বন্দুকটি অকার্যকর।