ডাকাত সন্দেহে র্যাবের ১৪ জন আটক, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ডাকাত সন্দেহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৪ জন সদস্যকে আটক করেছেন গ্রামবাসী। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাঁদের ছেড়ে দেয়৷ পদ্মা তীরবর্তী আরুয়া ইউনিয়নের দক্ষিণ শালজানা গ্রামে মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
র‌্যাবের আইন ও জনসংযোগ বিভাগের পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন,র‌্যাবের সদস্যরা রাতের বেলা একটি অভিযানে যান৷ কিন্তু রাস্তায় তাঁদের গাড়ি নষ্ট হয়ে যায়৷ পরে অভিযান বন্ধ করে তাঁরা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন৷ ওই সময় র‌্যাব সদস্যদের বসে থাকতে দেখে গ্রামবাসী সন্দেহ করেন৷
শিবালয় থানার পুলিশ ও শালজানা গ্রামের লোকজন জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শিবালয়ের কুষ্টিয়া-পাটুরিয়া কাঁচা সড়কের দক্ষিণ শালজানা গ্রামের শাইনাল ঢালির বাড়ির পাশে একটি কালো রঙের মাইক্রোবাস থামিয়ে কয়েকজন লোক অপেক্ষা করছিলেন৷ তাঁদের ডাকাত ভেবে গ্রামবাসী পদ্মার তীরে থাকা নৈশ প্রহরীদের খবর দেন। এরপর তাঁরা মোবাইলে আশপাশের গ্রামের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন৷ রাত দুইটার দিকে ওই এলাকার নয়াকান্দি, ধীপুর, কুষ্টিয়া, লক্ষ্মীপুরা ও দক্ষিণ শালজানা গ্রামের শত শত লোক জড়ো হয়ে র্যাব সদস্যদের ঘিরে ফেলেন৷ এ সময় আটক হওয়া র‌্যাব সদস্যরা তাঁদের মানিকগঞ্জের কার্যালয়ে খবর দিলে সেখান থেকে পোশাক পরা কয়েকজন র‌্যাব সদস্য উপস্থিত হলে তাঁদেরও আটক করা হয়৷ গ্রামবাসী র‌্যাব সদস্যদের আটক করে শিবালয় থানাকে জানান৷ খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
ওই গ্রামের রুহুল আমিন, রফিকুল ইসলাম, আমজাদসহ আরও অনেকে বলেন, তাঁদের গ্রামসহ আশপাশের গ্রামগুলো ডাকাতপ্রবণ এলাকা। পদ্মা তীরবর্তী হওয়ায় প্রায় রাতেই নৌপথে ডাকাত এসে সর্বস্ব লুটে নিয়ে যায়। এ কারণে তাঁদের মনে ডাকাত-আতঙ্ক ও ডাকাতদের প্রতি চরম ক্ষোভ কাজ করে। ডাকাতের উৎপাত থেকে রক্ষা পেতে তাঁরা থানার পুলিশকে অবহিত করে রাতে নিয়মিত পাহারার ব্যবস্থা করেছেন।
গ্রামের হাবিবুর রহমান বলেন, র্যাবের প্রথম দলটি আটক হওয়ার পর জানিয়েছিলেন, তাঁরা মানিকগঞ্জের হরিরামপুরে অভিযানে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের দক্ষিণ শালজানা আসার কথা নয়। হরিরামপুর থেকে দক্ষিণ শালজানা আসতে হলে তাঁদের হরিরামপুর থেকে ঝিটকা, মাচাইন, দেবীনগর, কুষ্টিয়া হয়ে আসতে হবে। এ পথের দূরত্ব অন্তত ২৫ কিলোমিটার। আর এ পথে শালজানা হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে হলে প্রথমে যেতে হবে পাটুরিয়া ফেরিঘাটে। দক্ষিণ শালজানা থেকে পাটুরিয়ার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। তা ছাড়া কুষ্টিয়া থেকে দক্ষিণ শালজানা হয়ে নয়াকান্দি বাজার পর্যন্ত রাস্তা কাঁচা এবং যান চলাচলের অনুপযোগী। তিনি বলেন, র্যাবের প্রথম দলটির পাঁচ সদস্যই ছিলেন সাদাপোশাকে। তাঁদের কাছে কোনো অস্ত্র ছিল না। পুলিশ আসার পর মাইক্রোবাসের সামনের আসনের নিচ থেকে তিনটি পিস্তল ও বেশ কয়েকটি গুলি তাদের হেফাজতে নেয়। পরে র‌্যাবের যে দলটি আসে, তারাও সাদাপোশাকে ছিল। তবে তাঁদের তিনজন র‌্যাবের জ্যাকেট পরা ছিলেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গ্রামবাসীর হাতে আটক র্যাবের ১৪ জন সদস্যের সবাই সাদাপোশাকে ছিলেন। আগে আটক হওয়া পাঁচজন কালো রঙের মাইক্রোবাসে করে আসেন। পরে আসা অন্যরা গাড়ি দূরে রেখে হেঁটে ঘটনাস্থলে আসেন। তাঁরা কী কারণে সেখানে এসেছিলেন, তা তিনি জানেন না বলে জানান৷
মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা প্রথম আলোকে বলেন, র৵াব সদস্যদের আটক করা হয়নি৷ উত্তেজিত গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে৷