ডাকাত সন্দেহে ১০ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাষানটেক ও কারওয়ান বাজার থেকে গত শনিবার রাতে ডাকাত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি তিন টনি ট্রাক, আটটি ককটেল, আটটি চাপাতি, গ্রিল ভাঙায় ব্যবহূত দুটি যন্ত্র, সিন্দুক ভাঙার কাজে ব্যবহূত হাইড্রোলিক কাটার, একটি শাবল, হ্যাকসো ব্লেড, একটি খেলনা পিস্তল ও দুটি স্লাই রেঞ্চ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে ভাষানটেক থানা এলাকায় একটি ট্রাকে থাকা সাতজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা নিজেদের ডাকাত বলে স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজার থেকে আরও তিনজনকে আটক করে পুলিশ।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) গোলাম নবী শেখ জানান, এই চক্রটির মূল লক্ষ্য ঢাকার স্বর্ণের দোকানগুলো।