ডাকাত সেজে ট্রলারে হামলা, আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত সেজে একদল জেলে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়েছে। এতে ওই ট্রলারের ১৪ জন জেলে আহত হন। গত সোমবার বঙ্গোপসাগরের বারোবাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই জেলেরা ট্রলার থেকে মাছ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।আহত জেলেরা হলেন বারেক মাঝি, জাকির খলিফা, ইদ্রিস মোল্লা, সিদ্দিক মিস্ত্রি, দুলাল সিকদার, ইফসুফ আলী, আলমগীর, এনামুল হক, নূরুল হক, কামাল হোসেন, বাবলু মিয়া, মোকছেদুল, ইকবাল হোসেন ও শহিদুল। এঁদের মধ্যে বারেক মাঝি ও ইদ্রিস মোল্লার অবস্থা আশঙ্কাজনক। তাঁরা সবাই এফবি আরিফ খান-১ ট্রলারের জেলে। তাঁদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি পাথরঘাটা উপজেলার রুহিতা ও বড়ট্যাংরা গ্রামে। গুরুতর আহত ওই ১৪ জেলের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি গতকাল মঙ্গলবার দুপুরে ওই ট্রলারে হামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।এফবি আরিফ খান-১ ট্রলারের মাঝি সিদ্দিক মিস্ত্রি জানান, বঙ্গোপসাগরের বারোবাম এলাকায় সোমবার দুপুর ১২টার দিকে তিনিসহ ১৪ জন জেলে মাছ ধরছিলেন। এ সময় দুটি ট্রলারে এসে ২৫-৩০ জন দুর্বৃত্ত দা ও লাঠি দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ওই ট্রলার থেকে ডাকাত সেজে আসা জেলেরা মাছ, তেল ও মুঠোফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।মাছ লুট করতে আসা আবুল মাঝি ও দেলোয়ার মাঝিকে এফবি আরিফ খান-১ ট্রলারের জেলেরা চিনে ফেলেন। এ কারণে তারা ট্রলারে থাকা বারেক মাঝিসহ পাঁচ জেলেকে পিটিয়ে সাগরে ফেলে দেয়। এ সময় অপর নয় জেলেকেও তারা মারধর করে। দেড় ঘণ্টা পর এফবি এনি-১ নামের অপর একটি ট্রলার ওই পাঁচ জেলেকে সাগর থেকে উদ্ধার করে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এফবি আরিফ খান-১ ট্রলারে করে আহত ১৪ জেলেকে পাথরঘাটায় নিয়ে আসা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ বলেন, ‘সাগরে জেলেদের ট্রলারে হামলার কথা শুনেছি। আহত জেলেদের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখনো এ ব্যাপারে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।’