ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত সামসুদ্দিনের মৃত্যু
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত মো. সামসুদ্দিন মিয়া গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীতে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার অনন্তমুছা গ্রামে যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁর বাবা সামসুদ্দিন আহত হন। অনন্তমুছা গ্রামে ১৮ নভেম্বর রাতে সীমানাপ্রাচীর টপকে ২০-২৫ জন ডাকাত কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। এ সময় সচিবের বাবা সামসুদ্দিন, মা বেদেনা বেগম, ভাই সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী লিজা আক্তার, আরেক ভাই মতিউর রহমান ও তাঁর স্ত্রী রিনা ও অপর ভাইয়ের স্ত্রী পায়েলকে মারধর করে ডাকাতেরা। পরে হাত, পা বেঁধে এক স্থানে লেপ-তোষক দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়। এ সময় সামসুদ্দিন ও বেদেনা বেগম ডাকাতদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের মাথায় কুপিয়ে জখম করা হয়। পরে আলমারির তালা ভেঙে লক্ষাধিক টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে সামসুদ্দিন ও বেদেনা বেগমকে মুমূর্ষু অবস্থায় মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিনের মাথায় মঙ্গলবার দুপুরে সামসুদ্দিনের মৃত্যু হয়। সোনারগাঁ থানার ওসি হারুন অর রশিদ জানান, ডাকাতদের হাতে আহত হয়ে মো. সামসুদ্দিন মিয়া মারা গেছেন। ডাকাতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।