ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের মীর ও সৈয়দ বাড়ি মহল্লা সমাজ এবং মোটর পার্টস ব্যবসায়ী সমিতি মানববন্ধন করেছে। গতকাল শনিবার দুপুরে আগ্রাবাদের শেখ মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৩০-৩৫ জনের সশস্ত্র ডাকাত দল শেখ মুজিব সড়কের মীর ট্রেড সেন্টারের দারোয়ানের হাত-পা বেঁধে প্রায় ২০ লাখ টাকার মালামাল ডাকাতি করে। এ সময় এলাকার বিভিন্ন আবাসিক ভবনেও হামলা চালায় তারা। এলাকাবাসী সংগঠিত হয়ে ডাকাতদের প্রতিরোধ করে। এ ঘটনায় গত শুক্রবার মামলা করতে গেলেও ডবলমুরিং থানা মামলা নিতে অস্বীকৃতি জানায়। তাঁরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মানববন্ধনে বক্তব্য দেন মীর ও সৈয়দ বাড়ি মহল্লা সমাজের সর্দার সেকান্দর মিয়া, মোহাম্মদ হান্না, উপসর্দার মো. মফিজ, মীর আখতার কামাল, হাসান মারুফ রুমী প্রমুখ।
মানববন্ধনে করা অভিযোগের বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। কে বা কারা সেখানে জায়গা দখল করতে যায়। কিন্তু র্যা ব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।