ডাকাতদের চাপাতির কোপে পাঁচ নিরাপত্তা প্রহরী আহত
রাজধানীর ডেমরার ডগাইরে গত শুক্রবার গভীর রাতে ডাকাতদের চাপাতির কোপে পাঁচ নিরাপত্তাপ্রহরী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, শুক্রবার গভীর রাতে একদল ডাকাত পশ্চিম ডগাইরের মাস্টারবাড়িতে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তাপ্রহরীরা বাধা দিলে ডকাতেরা তাঁদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা নিরাপত্তাপ্রহরী নাইমুদ্দিন (৫৫), গোলাম মোস্তফা (৩৫), আলী আসগর (৪০), রাজু মিয়া (২২) ও মিজানুর রহমানকে (৩৫) চাপাতির কোপে আহত করে। পরে তাঁদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, রোজার মাসে ডগাইর এলাকায় ডাকাতেরা চারবার হানা দিয়েছিল। কিন্তু এলাকাবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। শুক্রবার মধ্যরাতে ডাকাতের হামলায় নিরাপত্তাকর্মীরা আহত হওয়ার পর এলাকাবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।