ডাকাতদের ছুরিকাঘাতে নিহত ১, দুজন গুলিবিদ্ধ
নরসিংদীর সদর উপজেলার পশ্চিম বাসাইলে গত মঙ্গলবার ডাকাতদের ছুরিকাঘাতে সুলতান উদ্দিন খান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হন।
নরসিংদীতে ডাকাতির শিকার পরিবারের লোকজন জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ পরিচয়ে একদল ডাকাত পশ্চিম বাসাইলের সুলতানের বাড়িতে ঢুকতে চান। বাড়ির লোকজন প্রধান ফটকের তালা খুলতে অপারগতা প্রকাশ করেন। পরে ডাকাতেরা ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে। ডাকাতরা আলমারি ভেঙে পঁাচ ভরি স্বর্ণালংকার, আটটি মুঠোফোন সেট ও নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় সুলতান ডাকাতদের একজনকে চিনে ফেলায় ডাকাতেরা তাঁকে ছুরিকাঘাত করে৷ এতে ঘটনাস্থলেই সুলতানের মৃত্যু হয়। পরে ডাকাতেরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। একই রাতে পাশের চিনিশপুর গ্রামের কাজল মিয়া ও বাচ্চু মিয়ার বািড়তেও ডাকাতি হয়৷ এই দুটি বাড়ি থেকে ডাকাতদল টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন সেটসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম কাশেম বলেন, সুলতানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে কসবার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামের তৌহিদ মিয়ার বাড়িতে গত মঙ্গলবার রাতে ২০-২৫ জনের ডাকাত দল হানা দেয়৷ ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ এ সময় তৌহিতের ছোট ভাই ফিরোজ মিয়া বাধা দেন৷ ডাকাতেরা ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। প্রায় একই সময় একই গ্রামের বাচ্চু সরকারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতদের ছোড়া গুলি বাচ্চু সরকারের ছেলে মেহেদী হাসানের শরীরে বিদ্ধ হয়। একই রাতে ডাকাতেরা কায়েমপুর গ্রামের কনু মিয়ার বাড়ি থেকে তিন ভরি স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন সেট লুট করে। এ ছাড়া উপজেলার চারুয়া গ্রামের আলফু মিয়ার বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা৷
কসবা থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।