ডাকাতদের ছোড়া বোমায় নিহত ১
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামে গত সোমবার রাতে ডাকাতের ছোড়া বোমায় স্বপন আলী (৩০) নামের একজন নিহত হয়েছেন। সাত বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসী প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা বোমা ছুড়লে এ ঘটনা ঘটে। এ নিয়ে এক মাসে ডাকাতদের ছোড়া বোমায় তিনজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত তিনটার দিকে যুগিন্দা গ্রামের কুরমান আলী, আক্কাস আলী ও রফিকুল ইসলামসহ সাতজনের বাড়ি থেকে টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে পালানোর সময় গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধ করতে যান। তখন ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে ঘটনাস্থলেই স্বপন নিহত হন। এ সময় জুয়েল রানা (২৩) নামের আরেকজন আহত হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, স্বপনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।