ডাকাতদের জ্যান্ত পিষে মারতে বললেন এসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডাকাত যদি হাতেনাতে পান তো, জলজ্যান্ত ওটাকে পিষে মেরে ফেলেন। একটা মার্ডার কেস নিব এটা সত্য কথা এবং এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে চলে আসব। গ্যারান্টি আমার। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কোনো ভয় আছে? যদি ডাকাত হাতেনাতে ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে পিষে মেরে ফেলেন। মাদকের গাড়ি হলে সেটি আগুনে পুড়িয়ে দেবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের নামে কোনো মামলা হবে না। এই গ্যারান্টি আমার।’
এই বক্তব্য চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের। গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে আয়োজিত চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ আবদুল ওদুদ।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সাংসদ আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, তিনি হয়তো আবেগতাড়িত হয়ে এ কথা বলেছেন। তবে সবার সংযত হয়ে কথা বলা উচিত।
পুলিশ সুপারের বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র উপমহাপরিদর্শক (গণমাধ্যম) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই। তাই তিনি কী বলেছেন তার কিছুই তাঁরা জানেন না।
অনুষ্ঠানে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম আরও বলেন, ‘এখন শীতকাল। জুয়া একদিকে যেভাবে বাড়ছে, ওয়াজ মাহফিল সেভাবে বাড়ছে। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মসজিদে, মাদ্রাসায় এখন এই ওয়াজ মাহফিল। আমার বিশ্বাস, জামায়াত আবার আপনাদের মাঝে উঠছে, স্টেজে উঠছে। দয়া করে অন্য কোনো জেলার কোনো বক্তাকে আপনাদের স্টেজে উঠতে দেবেন না। এটি আমার অনুরোধ।’ তিনি বলেন, ‘আপনারা নিশ্চয় বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় দান করেন। যাঁরা দান করেন, আমি অনুরোধ করব, আপনারা একটু জিজ্ঞেস করবেন, তোমরা যে ওয়াজ মাহফিল করছ, তার অনুমতি নিয়েছ কি না? এটির নিয়ম হচ্ছে যে জেলা প্রশাসন থেকে বা পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেবেন।’