ডাকাতদের বাঁচাতে শ্রীঘরে আ.লীগের নেতার ছেলে!
নরসিংদীর শিবপুর উপজেলার সোনাকুড়া সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার ওই এলাকায় লোকজনের হাতে ধরা পড়া ডাকাতদের বাঁচানোর চেষ্টা করলে তাঁকেই আটক করে পুলিশে দেওয়া হয়। ডাকাতির শিকার ব্যবসায়ী মোস্তফা কামাল জানান, ‘জ্বালানি কাঠবোঝাই ট্রাক নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-মঠখোলা সড়কের চন্দ্রভাঙ্গায় তিনি ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা তাঁর কাছ থেকে ১৮ হাজার ৭০০ টাকা এবং চালকের কাছ থেকে ৩০০ টাকা লুটে নিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা একটি মুঠোফোন ফেলে যায়। কিছুক্ষণ পর মুঠোফোনের খোঁজে এলে আশপাশের লোকজনসহ আমরা দুজনকে আটক করি। সাজ্জাদ নিজেকে আওয়ামী লীগ নেতার ছেলে পরিচয় দিয়ে আমাদের সঙ্গে তর্ক করার এক ফাঁকে ওই দুজন পালিয়ে যান। পরে আমরা সাজ্জাদকে ধরে পুলিশে সোপর্দ করি।’ শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেনকে ধরে নিয়ে আসে। সাজ্জাদ ডাকাত দলের সদস্য বলে তিনি জানান। ঘটনাস্থল মনোহরদী থানা এলাকায় হওয়ায় তাঁকে মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে।মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান বলেন, সাজ্জাদসহ চারজনের নামে মামলা হয়েছে। অন্যরা হলেন জিসান (২৪), সাহেদ (২২), সোহাগ (২২)। সাজ্জাদ হোসেনের বাবা মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল্লাহ মোল্লা মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমার ছেলে যড়যন্ত্রের শিকার।’