ডাকাতি ও অপহরণ আতঙ্কে ভিটেমাটি ছাড়ছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে খাসকররা ইউনিয়নের প্রত্যন্ত জনপদ পুরাতন রায়সা গ্রাম বর্তমানে জনমানবহীন বসতিতে পরিণত হয়েছে। আতঙ্কে গ্রামের ৩৯টি পরিবারের বেশির ভাগই ভিটেমাটি ছেড়ে চলে গেছে।একের পর এক ডাকাতি ও অপহরণ করে মুক্তিপণ আদায় এবং খুনের ঘটনায় গ্রামের দুই শতাধিক মানুষ বেশ কিছুদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছিল। সন্ধ্যায় সূর্য ডুবলেই তিনদিকে বিলবেষ্টিত পুরাতন রায়সা গ্রামের মানুষ ডাকাতের ভয়ে নির্ঘুম রাত কাটাত। সম্প্রতি গ্রামটিতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনার পাশাপাশি অপহরণ করে মুক্তিপণের দাবিতে একজনকে হত্যা করা হয়। এরপর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ গ্রাম ছাড়তে শুরু করায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার গ্রামে সন্ত্রাসবিরোধী সভা হয়েছে। সরেজমিনে শুক্রবার রায়সা গ্রামে গিয়ে দেখা গেছে, যারা গ্রাম ছেড়ে গেছে তাদের কেউ কেউ ঘরের ভেঙে ফেলা অবশিষ্ট অংশ ও আসবাবপত্র নিতে এসেছে। যারা এখনো জিনিসপত্র নিতে পারেনি তারা দিনের বেলা ভিটেমাটি পাহারা দিয়ে সন্ধ্যার আগেই ভয়ে গ্রাম ছেড়ে যায়।গ্রামবাসীর অনেকে বলেন, ৩০ মে রাতে ডাকাতেরা গ্রামের বর্গাচাষি জামালউদ্দিনকে অপহরণ করে। একই রাতে গ্রামের আরও তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া ডাকাতেরা দুই ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এরপরই গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জামালউদ্দিনের একমাত্র ছেলে সবুজ হোসেন (২৫) বলেন, ৩০ মে রাতে ডাকাতেরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাঁর বাবাকে অপহরণ করে। মুক্তিপণ হিসেবে ধারকর্জ করে তাঁরা এক লাখ ২০ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু এর পরও তাঁকে খুন করা হয়। ৪ জুন ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বলেন, এ ঘটনার পর থেকেই মানুষ ভয়ে এলাকা ছাড়তে শুরু করেছেন। গ্রামের স্কুলশিক্ষক রবিউল ইসলাম বলেন, জামালকে অপহরণের রাতে ছানোয়ার হোসেন, মতিয়ার রহমান ও মুনিয়ার রহমানের বাড়িতে ডাকাতি হয়। তিন বাড়ি থেকে নগদ টাকা, সোনার গয়নাসহ মূল্যবান মালামাল নিয়ে যায় ডাকাতেরা। গরুর গাড়ি ভর্তি মালামাল নিয়ে শুক্রবার স্বপরিবারে গ্রাম ছাড়ছিলেন মতিয়ার রহমান। তাঁর স্ত্রী রওশন আরা বলেন, গত বছর তাঁর স্বামীকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে দুর্বৃত্তদের এক লাখ টাকা দিতে হয়। ৩০ মে রাতে তাঁদের বাড়িতে আবার ডাকাতি হওয়ায় গ্রাম ছেড়ে যাচ্ছেন। ডাকাতির শিকার ছানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, গ্রাম ছাড়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছেন তিনি। তাঁর স্ত্রী মনোয়ারা খাতুন বলেন, তাঁদের স্কুলপড়ুয়া দুই ছেলে লিটু হোসেন (১৬) ও বাবুল আখতারকে (১৪) জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল ডাকাতেরা। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে দুই ছেলেকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। পরে পাঁচ লাখ টাকা দেওয়ার আশ্বাস দিলে ছেড়ে দেয় ডাকাতেরা।খাসকররা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাতি রোধে ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী সভা হয়েছে গ্রামে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার পুরাতন রায়সা গ্রামে সন্ত্রাসবিরোধী সভা হয়েছে। এতে গ্রামের মানুষের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশের টহল বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিন ও সহকারী পুলিশ সুপার নাজমুল হক উপস্থিত ছিলেন। তাঁরাও গ্রামবাসীকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। ওসি মতিয়ার রহমান বলেন, জামালের ছেলে বাদী হয়ে ৬ জুন থানায় একটি অপহরণ মামলা করেছেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।