ডাকাতি ও ছিনতাই বেড়েছে পুলিশ বলছে, ‘বিচ্ছিন্ন ঘটনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আশঙ্কাজনকভাবে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। ডাকাতেরা প্রায় রাতেই বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে। মুঠোফোনেও টাকা দাবি করছে। অনেক এলাকায় রাত জেগে পাহারা দেওয়া হলেও কমছে না ডাকাতি-ছিনতাইয়ের উৎপাত। ছিনতাইকারীদের ভয়ে অনেকে সন্ধ্যার পর চলাচলই বন্ধ করে দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, আশুলিয়ার কাঠগড়া, কুটুরিয়া, বঙ্গবন্ধু সড়ক ও এর আশপাশের এলাকা, কাশিমপুর, জিরাব এবং সাভারের সাধাপুর, টান গেন্ডা, নামা গেন্ডা, মধ্য গেন্ডা, গেন্ডা খালাসীপাড়া, বিরুলিয়া, বরদেশী, ভাটপাড়া, রেডিওকলোনি, বনপুকুর ও কোন্ডাসহ ধামরাইয়ের কুশুরা, যাদবপুর, কালামপুর ও ডাউটিয়া এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। অন্যদিকে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া সড়কসহ সাভারের বিশমাইল-জিরাব, সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়ক এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে ছিনতাইকারী ও ডাকাতদের উৎপাত সবচেয়ে বেশি। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন থেকে রেডিওকলোনি মোড় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকাতেও ছিনতাইকারীদের আনাগোনা রয়েছে। ডাকাতি-ছিনতাই বাড়লেও পুলিশ এ ঘটনাগুলোকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দাবি করেছে। ধামরাইয়ের ব্যবসায়ী ইউসুফ আলী জানান, সমপ্রতি রাত আটটার দিকে একটি ব্যক্তিগত গাড়ি চালিয়ে উত্তরা যাওয়ার সময় বিশমাইল এলাকায় ডাকাতেরা তাঁর গাড়ি থামায়। তাঁর কাছে থাকা টাকা ও মুঠোফোন সেট লুটে নিয়ে ডাকাতেরা তাঁকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। গত ৭ জানুয়ারি জিরাব এলাকায় মা জুয়েলার্সে হানা দিয়ে ডাকাতেরা শোকেস ও সিন্দুক ভাঙার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী ও এলাকাবাসী তিন ডাকাতকে আটক করেন। গত ২৬ ফেব্রুয়ারি রাতে আশুলিয়া বাজার এলাকায় ডাকাত সন্দেহে পাঁচজনকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। সাভারের কলমায় গত ২৮ ফেব্রুয়ারি রাতে লেক্সমার্ক নিটিং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় হানা দিয়ে ডাকাতেরা সাড়ে তিন টন সুতা ও সাড়ে পাঁচ টন নিট ফ্রেবিক্স নিয়ে যায়। ১১ মার্চ রাতে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের টঙ্গাবাড়ি এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে ডাকাতেরা নগদ অর্থ, মুঠোফোন সেট ও স্বর্ণালংকার লুটে নেয়।১৫ মার্চ সকালে একদল ছিনতাইকারী আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন এলাকা থেকে মাইক্রোবাসে যাত্রী তুলে যাত্রীদের নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয়। পরে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ মার্চ রাতে মধ্যগেন্ডা এলাকার ব্যবসায়ী চান মিয়ার বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা ৭০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ২৩ মার্চ রাতে ডাকাতেরা আমিনবাজারের অদূরে বরদেশী গ্রামের ফজল হক ও মিয়া চানের বাড়িতে হানা দিয়ে পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়। প্রায় মাস দু-এক আগে সাভারের সাধাপুর গোপেরবাড়ির সুলতান উদ্দিনের বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা লুটে নিয়ে যায়। গত সোমবার রাতে ধামরাইয়ের আটিগ্রাম গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা লুটে নেয়। গেন্ডা খালাসীপাড়া জামে মসজিদের ক্যাশিয়ার হাজী মোহামঞ্চদ হোসেন ও কুটুরিয়ার মজিবর রহমান অভিযোগ করেন, অব্যাহতভাবে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ ডাকাতি রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। বরং ডাকাতির পর মামলা করতে গেলে ডাকাতির শিকার পরিবারকে পুলিশি হয়রানির মধ্যে পড়তে হয়। সাদাপুরের একজন ব্যবসায়ী জানান, ইদানীং ডাকাতেরা মুঠোফোনে টাকা দাবি করছে। কয়েকজন ভুক্তভোগী জানান, সন্ধ্যার পর সাভারের ব্যাংকটাউন থেকে রেডিওকলোনি পর্যন্ত এলাকা ছিনতাইকারীদের দখলে চলে যায়। ছিনতাইকারীরা রিকশা আরোহী ও পথচারীদের কাছ থেকে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘ডাকাতি হচ্ছে, মামলা নিচ্ছি এবং আসামিও ধরছি।’ ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছেন—এলাকাবাসীর এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ডাকাতি বন্ধের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।’ ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ বলেন, ‘বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটছে, সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।’ সাভার থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ডাকাতি রোধে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। তাঁর দাবি, ডাকাতির অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা পাওয়ার পর অবশ্যই মামলা নেওয়া হয়।