ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার, নিহত ১
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরকাজী মোখলেছ গ্রামে ডাকাতি করতে গিয়ে মো. সেলিম মিয়া নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ওই গ্রামের আনোয়ারুল হক নামের এক ব্যক্তির খামারবাড়ির কাছে এ ঘটনা ঘটে।নিহত সেলিম একই উপজেলার চর আমানউল্লা ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে। খবর পেয়ে গতকাল শনিবার সকালে চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে ছয়-সাতজনের একদল সশস্ত্র ডাকাত ওই খামারবাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির গৃহকর্মীরা টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। লোকজন দেখে ডাকাত দলের অন্যরা পালিয়ে গেলেও সেলিম জনতার হাতে ধরা পড়েন। এ সময় স্থানীয় জনতা তাঁকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত সেলিমের স্ত্রী হাছিনা আক্তার জানান, শুক্রবার রাত ১০টার দিকে তাঁর স্বামীর মুঠোফোনে একটি ফোন আসার পর তিনি কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান। পরে রাতে আর ফিরে আসেননি। সকালে লোকমুখে তাঁর স্বামীকে পিটিয়ে হত্যার খবর পেয়ে থানায় এসে লাশ দেখেন।হাসিনার দাবি, তাঁর স্বামী ডাকাতি করতেন কি না, তা তাঁর জানা নেই। তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সেলিম এর আগেও একাধিকবার সুবর্ণচরের বিভিন্ন স্থানে ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার হন। সেলিমসহ একটি সংঘবদ্ধ দল এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করত। যোগাযোগ করা হলে সুবর্ণচরের চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে সেলিমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।গতকাল সকালে রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকার লোকজন সেলিমকে ডাকাত হিসেবেই চেনে। তবে, তাঁর বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।