ডাকাতি করতে গিয়ে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে গত মঙ্গলবার রাতে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক ডাকাত।নিহত দুজন ভাইজোড়া গ্রামের মো. ইয়াহিয়া খানের স্ত্রী নাজমা বেগম (৩৪) ও তাঁর মেয়ে তাবাসসুম (৯)। ডাকাত বাদল খানকে টেঁটাবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি ভাইজোড়া গ্রামে।ইয়াহিয়া খানের বড় ভাইয়ের ছেলে নিয়াজ খান বলেন, বাদল দেড় মাস আগে তাঁদের বাড়িতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। ডাকাতির উদ্দেশ্যে মঙ্গলবার রাত নয়টার দিকে সে পেছনের খোলা দরজা দিয়ে চাচা ইয়াহিয়া খানের ঘরে ঢোকে। যাতে গভীর রাতে তার সহযোগী ডাকাতদের ঘরে প্রবেশ করাতে পারে। ওই সময় তাঁর চাচি নাজমা বেগম বাদলকে দেখতে পেয়ে চিৎকার করেন। বাদল ঘরের দরজা বন্ধ করে নাজমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁকে রক্ষা করতে এলে মেয়ে তাবাসসুমকেও কুপিয়ে জখম করেন বাদল। তাঁদের চিৎকার শুনে বাড়ির লোকজন ও এলাকাবাসী ঘরের দরজা ভেঙে বাদলকে টেঁটাবিদ্ধ করে আটক করে। ওই ঘটনার পর গুরুতর অবস্থায় মা ও মেয়েকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে মা ও মেয়ের মৃত্যু হয়।খবর পেয়ে মঠবাড়িয়া থানার পুলিশ এসে আহত বাদলকে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে বাদল খান প্রথম আলোকে বলে, ‘মোর লগে সাতজন ছিল। ওগ মুই নদীর ওপার (বাগেরহাটের শরণখোলা উপজেলা) দিয়া নিয়া আই।’এ ঘটনায় ইয়াহিয়া খানের মেজ ভাই মুর্তোজা খান বাদলকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ প্রথম আলোকে বলেন, ‘এটা একটি হত্যাকাণ্ড। একজন দিয়ে ডাকাতি হয় না।’ গতকাল পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে নাজমা বেগম ও তাঁর মেয়ে তাবাসসুমের ময়নাতদন্ত সম্পন্ন হয়।