ডাকাতি ঠেকাতে পাহারা
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে। দুই রাতে এ ইউনিয়নে চার বাড়িতে ডাকাতি হয়। এ কারণে তারা পাহারার ব্যবস্থা করেছে।এলাকাবাসী সূত্রে গত বুধ ও শুক্রবার রাতে সশস্ত্র ডাকাতদল পূর্ববাংলা সর্বহারা পার্টির পরিচয় দিয়ে রগুনন্দী, কালীগঞ্জ, ফুলবাড়িয়া ও ফাঁসিয়াতলা গ্রামের পাঁচ বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদের হাতে দুজন আহত হয়। কালকিনি থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার রগুনন্দী গ্রামের আলমগীর সরদার, ফুলবাড়িয়া গ্রামের আয়নাল হকের বাড়িতে ডাকাতি হয়। একই রাতে কালীগঞ্জ গ্রামের মেছের সরদারের বাড়িতে ডাকাতি হয়। গত শুক্রবার রাত দুইটায় ফাঁসিয়াতলা গ্রামের আ. মান্নান ফকির ও কিরণ মোল্লার ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ৭০ হাজার টাকা, নয়টি মুঠোফোনের সেট নিয়ে যায়। এক দিনের ব্যবধানে পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাত আতঙ্কে রগুনন্দী, কালীগঞ্জ, ফুলবাড়িয়া, উত্তর কানাইপুর ও ফাসিয়াতলার বাসিন্দারা রাত জেগে পাহারার ব্যবস্থা করেছে। আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান বেপারী জানান, ‘আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরাও আমাদের সহযোগিতা করছে।’ কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, ‘হঠাৎ করে ডাকাতি বেড়ে যাওয়ায় মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। তবে ডাকাতি রোধে গ্রামবাসীর সঙ্গে আমরা কাজ করব।’