ডাকাতি ঠেকাতে রাতভর পাহারা
পাবনার বেড়া উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে নাকালিয়া গ্রাম। গ্রামের হিন্দুপাড়ায় একের পর এক ডাকাতির ঘটনায় শতাধিক হিন্দু পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে। এই ডাকাতি ঠেকাতে এক বছরের বেশি সময় ধরে নারী-পুরুষেরা দলবেঁধে রাতভর গ্রাম পাহারা দিচ্ছেন।
সরেজমিনে গ্রামে ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর ধরে নাকালিয়ার হিন্দুপাড়ায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এই সময়ে মানিক কর্মকার, ভোলানাথ কুণ্ডু, প্রবীর কুণ্ডু, জয়ন্ত কুণ্ডু, নরেশ কুণ্ডুর পরিবারসহ বেশ কয়েকটি পরিবারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া একের পর এক ছিনতাইয়ের ঘটনাও লোকজনের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে।
২ মার্চ রাতে নাকালিয়া বাজারে কয়েকটি স্বর্ণের দোকানে ঘটে সবচেয়ে বড় ডাকাতির ঘটনা। ডাকাতেরা বাজারের প্রণব কর্মকারের মালিকানাধীন স্বর্ণকুটির, পানু শীলের মালিকানাধীন অসীম জুয়েলার্স, মুছা কর্মকারের মালিকানাধীন সুমন জুয়েলার্স, রঞ্জিত কর্মকারের মালিকানাধীন মাতৃ জুয়েলার্স ও আনিসুর রহমানের মালিকানাধীন মুসলিম জুয়েলার্স থেকে ২৫০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট হয়। এ ঘটনার পর থেকে নাকালিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আতঙ্ক আরও বেড়ে গেছে।
গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় বছর দেড়েক আগে গ্রামের অর্ধশতাধিক হিন্দু সম্প্রদায়ের লোক মিছিল করে বেড়া থানায় যান। তাঁদের পক্ষ থেকে গ্রামের জ্যেষ্ঠ লোকজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ডাকাতি ও ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ওসিও ডাকাতি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। কিন্তু এর পরও ডাকাতি ও ছিনতাই না কমায় গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন রাতভর দলবেঁধে গ্রাম পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন।
গ্রামের পরশ নাথ মণ্ডল, মানিক কুণ্ডু ও বাসুদেব কুণ্ডু জানান, হিন্দুপাড়ার প্রতিটি বাসিন্দা আতঙ্কে রাত কাটান। এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনসহ নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রতি রাতে ১২-১৫ জন এক হয়ে লাঠিসোঁটা নিয়ে পালা করে পাহারা দিচ্ছেন। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রামের নারীরাও পাহারায় থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক যুবক বলেন, ‘ডাকাইতের হাতের থ্যা আমার পরিবারকে রক্ষার জন্যে পালা কইর্যা আমিও পাহারা দেই। এত পাহারার পরেও ডাকাইতের ভয়ে রাইতে ঠিকমতো কারও ঘুম আসে না।’
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু বকর সিদ্দিক বলেন, ডাকাতির সময় বাড়ির লোকজন দু-একজন ডাকাতকে চিনতে পারলেও ভয়ে কারও নাম বলেন না। তার পরও ডাকাতি বন্ধে পুলিশ তৎপর রয়েছে।