ডাকাতি ঠেকাতে লাঠি-বাঁশি নিয়ে রাতে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি প্রতিরোধে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গ্রামগুলোতে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী। ইতিমধ্যে কয়েকটি গ্রামে পাহারার জন্য ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও গ্রামবাসীর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা লাঠি-বাঁশি নিয়ে পাহারা দিচ্ছেন। সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে থানা-পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে গ্রামগুলোর বাসিন্দাদের নিয়ে পাহারা কমিটি গঠন করা হচ্ছে। যেসব এলাকায় এখনো পাহারা কমিটি গঠন করা হয়নি সেখানে গ্রামবাসী নিজেদের উদ্যোগে পাহারা দিচ্ছেন।সরেজমিনে জানা গেছে, মঠবাড়িয়ায় গত ৩ ফেব্রুয়ারির পর থেকে আটটি ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় সবগুলো গ্রামে ডাকাতি প্রতিরোধে গ্রামবাসী লাঠি-বাঁশি নিয়ে পাহারা দিচ্ছেন। প্রতিদিন রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত চলে পাহারা।উপজেলার টিকিকাটা ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মৃধা জানান, তাঁর ইউনিয়নের ১৪টি গ্রামে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও গ্রামের বাসিন্দাদের নিয়ে পাহারা কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহ ধরে পাহারা কমিটির সদস্যরা পালাক্রমে রাতে পাহারা দিচ্ছেন।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মৃধা জানান, সম্প্রতি ব্র্যাক কার্যালয়সহ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনায় থানা-পুলিশ উপজেলার গ্রামগুলোতে গ্রামবাসীদের দিয়ে রাতে পাহারা শুরু করেছে। পর্যায়ক্রমে সব গ্রামে পাহারা কমিটি গঠন করা হবে। এ ছাড়া রাত ১১টার পর মোটরসাইকেল, টমটম ও টেম্পো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে এসব যান চলাচল করতে হলে স্থানীয় ইউপি সদস্য ও পাহারা কমিটির অনুমতি নিতে হবে।পিরোজপুরের পুলিস সুপার (এসপি) এস এম আক্তারুজ্জামান বলেন, ডাকাতি প্রতিরোধে গ্রামগুলোতে পুলিশের পাশাপাশি গ্রামবাসীকে নিয়ে পাহারা দেওয়ার জন্য থানা-পুলিশকে নির্দেশ দেওয়া আছে।