ডাকাতি নেই, শুধু গুজব আর আতঙ্ক
ডাকাত আতঙ্কে গত ১৫ দিনে ফরিদপুর জেলায় ছয়জনকে পিটিয়ে-কুপিয়ে মেরেছে মানুষ (সদর উপজেলার চারজন এবং বোয়ালমারী উপজেলার দুজন)। মারধরের শিকার হয়েছেন আরও কয়েকজন। পুলিশ বলছে, কোথাও ডাকাতির কোনো ঘটনাই ঘটেনি, পুরোটাই গুজব। নিহত ব্যক্তিদের বিরুদ্ধেও ডাকাতির সঙ্গে যুক্ত থাকার কোনো প্রমাণ মেলেনি। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে গ্রাম পাহারা দিচ্ছে আতঙ্কিত-উত্তেজিত মানুষ। পাহারায় থাকা কিশোর-তরুণেরা অচেনা সবার মধ্যেই ডাকাতের ছায়া খুঁজে ফিরছেন। প্রতি রাতেই ঘটছে কোনো না কোনো অঘটন।
এমন পরিস্থিতি সরেজমিনে দেখতে গত বুধবার (৮/৭/২০১৫) রাতে ফরিদপুরের বোয়ালমারী এলাকার কয়েকটি গ্রামে গিয়েছিলাম। রাতে গ্রামের দিকে যেতে চাই শুনেই স্থানীয় কয়েকজন সাবধান করে দিলেন। বলে দিলেন, ‘পাহারা পার্টি’ সংকেত দিলে যেন থেমে নিজের পরিচয় দিই। স্থানীয় লোকজন বলছেন, এসব ‘পাহারা পার্টি’র তরুণ সদস্যরা কথা না শুনেই মারধর শুরু করেন।
বিকেলে যখন এসব কথা শুনছিলাম, তখনো পরিস্থিতিটা এত ভয়ানক মনে হয়নি। সন্ধ্যা নামতেই গ্রামগুলোর ভেতর লাঠিসোঁটা, দা-সড়কি হাতে আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে গেলেন। অপরিচিত কাউকে দেখলেই জেরা ও তল্লাশি চলছে। যেমনটি আমাদের সঙ্গে হলো মহিষালা গ্রামে। রাত আটটার দিকে মূল সড়কে জনা ১৫ লোক একটি দলকে দেখা গেল লাঠি, দা, রড, পাইপ নিয়ে পাহারা দিচ্ছেন। কাছে যেতেই প্রথমে টর্চের আলো নাচিয়ে, পরে চিত্কার করে থামতে সংকেত দিলেন ‘পাহারা পার্টি’র লোকজন। আমাদের ঘিরে ধরে সবাই প্রায় একযোগে প্রশ্ন করা শুরু করলেন। সঙ্গে থাকা প্রথম আলোর ফটোসাংবাদিক আলীমুজ্জামান বললেন, ‘আমরা সাংবাদিক, আপনাদের তত্পরতা দেখতে ও ছবি তুলতে এসেছি।’ এর মধ্যেই রড হাতে এক কিশোর বলে উঠল, ‘সাংবাদিক তো কী হইছে।’ দুজনই একটু ভয় পেলাম। পরে কয়েকজন বয়স্ক ব্যক্তি এসে আশ্বস্ত করলেন। কথা হলো তাঁদের সঙ্গে। মহিষালার সোলেমান শেখ, লিটন মোল্লা জানালেন, তাঁরা আশপাশের কলমেশ্বরদি গ্রামের সরদারপাড়ায় এক সংখ্যালঘু পরিবারে ডাকাতির কথা শুনেছেন। তবে সেই গৃহকর্তার নাম বা বাড়ির ঠিকানা দিতে পারলেন না কেউই। একইভাবে তাঁরা কালখরদী গ্রামে নীল মাইক্রোবাস নিয়ে ডাকাতদের হানা দেওয়ার গল্প শুনেছেন। কিন্তু গাড়িটি কেউ দেখেননি।
মহিষালা গ্রাম ছেড়ে রাত নয়টার দিকে চার-পাঁচ কিলোমিটার দূরের সাতৈর বাজার যেতে যেতে আরও চারটি ‘পাহারা পার্টি’র দেখা মিলল। সাতৈর বাজারে চায়ের দোকানে বসে কথা হলো স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান, স্থানীয় হারুন শেখসহ সাতজনের সঙ্গে। এঁদের সবাই বললেন, প্রত্যেকে আশপাশের গ্রামে ডাকাতির কথা শুনেছেন, তবে ডাকাতি হয়েছে এমন কোনো বাড়ির ঠিকানা দিতে পারলেন না কেউ। সবাই শুনেছেন যে একটি বাড়িতে ডাকাতেরা ঢুকে লুট করার পাশাপাশি নারী সদস্যদের ওপরে নির্যাতনও চালিয়েছে। নির্যাতিতা নারী এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তবে ওই নির্যাতিতা কোথায় চিকিত্সাধীন তা জানা গেল না। আবার তিনজন বললেন, তাঁরা সাতৈর পশ্চিমপাড়া গ্রামে ডাকাতি হয়েছে বলে সুনিশ্চিত তথ্য জানেন। গ্রামটি বাজারের খুব কাছে হওয়ায় কোন বাড়িতে ডাকাতি হয়েছে সেখানে যেতে চাইলাম। তবে কেউই বাড়ির ঠিকানা বলতে বা জোগাড় করতে পারলেন না। প্রতিদিনই নতুন নতুন ডাকাতির খবর শোনা যাচ্ছে, যার কোনোটিরই সত্যতা মিলছে না।
সাতৈর বাজার থেকে এগোলাম হাটখোলা মোড়ের দিকে। এখানেই গত রোববার রাতে পিটিয়ে রাকিবুল ইসলাম ওরফে মিরন (২৮) ও ফরহাদ মোল্লা (৪০) নামের দুজনকে হত্যা করেছেন গ্রামবাসী। দেখা গেল, হাটখোলা মোড় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত দেড় কিলোমিটার পথে অন্তত এক হাজার গ্রামবাসী লাঠিসোঁটা, রড, পাইপ নিয়ে জড়ো হয়েছেন। মাঝেমধ্যেই তাঁরা ‘আলীরে আলী ইয়া আলী’ বলে একযোগে চিত্কার করে উঠছেন। রাতের অন্ধকারে বিকট চিত্কার ভয়ানক রূপ নিচ্ছে।
হাটখোলায় হত্যাকাণ্ডের স্থানেই কথা হলো ময়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম ও ইউপি সদস্য আবুল হোসেন মৃধার সঙ্গে। পিটিয়ে দুজন মারা প্রসঙ্গে তাঁরা বললেন, রোববার রাতে সংকেত অমান্য করে পালিয়ে যাচ্ছিলেন তিন মোটরসাইকেল আরোহী। পাহারা পার্টি ধাওয়া দিলে হাটখোলা মোড়ের গতিরোধকে তাঁদের মোটরসাইকেল উল্টে যায়। এ সময় তাঁদের কাছে দুটি রামদা পাওয়া যায়। এরপরে পাহারা পার্টি তাঁদের কাছে গেলে তাঁরা গ্রামবাসীকে রামদা দিয়ে ভয় দেখান। এতে উত্তেজিত গ্রামবাসী তাঁদের পিটিয়ে হত্যা করেন। কিন্তু ওই ঘটনায় বেঁচে যাওয়া মুরাদ হোসেন বলছেন ভিন্ন কথা।
যেভাবে গুজবের বলি হলেন দুজন: পিটুনিতে আহত মুরাদ হোসেন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন কাদিরদি গ্রামে নিজের বাড়িতে রয়েছেন। নিহত অপর দুজনের বাড়িও কাদিরদি গ্রামে। হাটখোলা থেকে সেই গ্রামের দূরত্ব খুব বেশি হলে ১৫ কিলোমিটার হবে। পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ফরহাদ মোল্লা লিবিয়ায় কাজ করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নিহত রাকিবুলের কাদিরদি বাজারে একটি রড-সিমেন্টের দোকান রয়েছে। আর আহত মুরাদ হোসেন কৃষিকাজ করেন।
মুরাদ প্রথম আলোকে বলেন, ফরহাদ ও তিনি মামাতো-ফুফাতো ভাই। লিবিয়া যাওয়ার জন্য ফরহাদ তাঁর আত্মীয় আবদুল হাকিমের কাছে কিছু টাকা ধার চেয়েছিলেন। রোববার ইফতারের আগে ফরহাদকে এসে টাকা নিয়ে যাওয়ার জন্য ফোন করেন হাকিম। টাকার নিরাপত্তার জন্য মুরাদকেও সঙ্গে যাওয়ার অনুরোধ করেন ফরহাদ। যাতায়াতের জন্য তাঁরা গ্রামের ছেলে রাকিবুলকে তাঁদের সঙ্গে যেতে বলেন। রাকিবুলের মোটরসাইকেল রয়েছে। ইফতারের পরপর রওনা দিয়ে তাঁরা প্রায় ২১ কিলোমিটার দূরের চন্দনী গ্রামে পৌঁছান। টাকা নিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়ির পথ ধরেন। হাটখোলা হয়ে ফেরার পথে একটি গতিরোধক পড়ে। সেটি পার হওয়ার সময় গ্রামের একটি ‘পাহারা পার্টি’ থামতে সংকেত দেয়। গতিরোধক পার হয়ে মোটরসাইকেলটির গতিনিয়ন্ত্রণ করতে কিছু সময় লেগে যায়। এতেই পাহারা পার্টিও লোকজন হইচই করে মোটরসাইকেলটি ঘিরে ধরে। ফরহাদ বলেন, তাঁরা কাদিরদি গ্রামের লোক। কথা বলার মধ্যেই কেউ একজন মোটরসাইকেলের মাঝে বসা মুরাদকে রামদা দিয়ে কোপ বসিয়ে দেন। পেছন থেকে নেমে দৌড় দেন ফরহাদ, মোটরসাইকেল ছেড়ে দৌড় দেন রাকিবুল। এসব দেখে রাস্তার পাশের নালায় গড়িয়ে পড়েন মুরাদ। উত্তেজিত জনতা রাস্তার ওপরেই ফরহাদ ও রাকিবুলকে পিটিয়ে-কুপিয়ে মেয়ে ফেলেন। মুরাদ নালা থেকে বেরিয়ে পাশের একটি পাটখেতে ঢুকে পড়েন। মুঠোফোনে যোগাযোগ করে চার ঘণ্টা পরে মুরাদের এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন।
নিজেদের সঙ্গে রামদা বহনের অভিযোগ অস্বীকার করে মুরাদ বলেন, হত্যার দায় থেকে বাঁচতে হাটখোলার লোকজন এ অভিযোগ তুলেছেন। তাঁদের কাছে কোনো অস্ত্র ছিল না।
‘গুজব’ বলছেন পুলিশ কর্মকর্তারাও: জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক প্রথম আলোকে বলেন, ডাকাত আতঙ্কের পুরোটাই গুজবের ওপর ভিত্তি করে। কারও বাড়িতে ডাকাতি হয়েছে, এখন পর্যন্ত এমন সুনির্দিষ্ট তথ্য মেলেনি। থানায় কোনো মামলাও হয়নি। প্রতিদিনই স্থানীয় থানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মুঠোফোনে ফোন করে কে বা কারা ডাকাতির তথ্য দিচ্ছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে থানা-পুলিশ এলাকায় এলাকায় গিয়ে সভা করে তাঁদের নিজ নিজ এলাকা পাহারা দেওয়ার কথা বলেছেন। তাঁদের এটাও বলে দেওয়া হয়েছে, তাঁরা যেন বেআইনি কোনো কিছু না করেন।
তবে ফরিদপুর জেলার পুলিশ সুপার (এসপি) জামিল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, সেটাও এখন কেটে গেছে। ডাকাতির বিষয়টা পুরোটাই গুজব।
বুধবারের রাতের অভিজ্ঞতা বর্ণনা করার পর এসপি আবার বলেন, আস্তে আস্তে আতঙ্ক কেটে যাচ্ছে। এখন সবাই বুঝতে পারছে যে এটা পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার একটা চক্রান্ত।
কারা এ চক্রান্ত করছে, জানতে চাইলে তিনি বলেন, ফরিদপুরের চার-পাঁচজন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে বিচারাধীন। একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এসব কারণে স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা কেউ কেউ করেছিল। তবে তারা নিঃসন্দেহে ব্যর্থ হয়েছে।
পিটিয়ে হত্যা ও এখনো পাহারা চলার বিষয়ে এসপি বলেন, গত বুধবার বোয়ালমারীতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করেছেন তিনি। সবাইকে সেই বার্তাটিই দেওয়া হয়েছে যে অযথা আতঙ্কিত হওয়া বা পাহারার নামে উত্তেজিত আচরণ করা ঠিক নয়। তাদের বলা হয়েছে, নিরাপত্তার জন্য পাহারা-টহল যা-ই লাগুক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই তার ব্যবস্থা করবে।