ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নে ডাকাতি প্রতিরোধে পাঁচ গ্রামের কৃষকেরা তিন সপ্তাহ ধরে রাত জেগে পাহারা দিচ্ছেন। চলতি মাসের ৮ জুন ইউনিয়নের শাহনগর গ্রামে পাঁচটি বাড়িতে ডাকাতি এবং আরও চারটি গ্রামে ডাকাত দল হানা দেওয়ায় কৃষকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাজাহান আলী বলেন, ইউনিয়নটি পাশের সিরাজগঞ্জ ও নাটোর জেলার সীমান্তবর্তী। ইউনিয়নের বেশির ভাগ গ্রাম দুর্গম এলাকায়।
বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কঁচুয়াপাড়া গ্রামের বাসিন্দা শামিম হাসান বলেন, গত পাঁচটি বছর তাঁরা ডাকাত আতঙ্কমুক্ত ছিলেন। এ বছর নতুন করে গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়েছেন। কৃষকেরা ডাকাতের কবল থেকে তাঁদের সম্পদ রক্ষা করতে রাত জেগে গ্রামে পাহারা দিচ্ছেন।
ইউনিয়নের শাহনগর দক্ষিণপাড়া গ্রামের ডাকাতির শিকার পাঁচটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, ৮ জুন রাত একটার দিকে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে তাঁদের সবার হাত-পা বেঁধে লুটপাট করে। ডাকাতেরা আবদুস সালাম, আবদুল গণি, শফিকুল ইসলাম, মানিক মিয়া ও শাহিন মিয়ার বাড়ি থেকে দেড় ভরি স্বর্ণালংকার, ৬৩ হাজার টাকা ও চারটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।
ইউনিয়নের তেঁতুলিয়া, পুরান পানিসারা ও নতুন পানিসারা গ্রামের ১০ জন কৃষক জানান, ১২ জুন রাত সোয়া একটায় প্রথমে তেঁতুলিয়া পরে পুরান ও নতুন পানিসারা গ্রামে ডাকাত দল ঢোকার চেষ্টা করেছিল। তবে গ্রামবাসী টের পাওয়ায় ডাকাতেরা পিছু হটে।
বিশালপুর ইউনিয়নের কঁচুয়াপাড়া গ্রামের কৃষক নূরুল ইসলাম বলেন, ৮ জুন রাতে ডাকাতেরা তাঁদের গ্রামেও ডাকাতির চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা টের পাওয়ায় তারা চলে যায়। পরদিন থেকেই তাঁরা রাত জেগে পালা করে পাহারা দিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, বিশালপুর ইউনিয়নের ওই গ্রামগুলোর সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় পুলিশ দ্রুত সেখানে যেতে পারে না। তবে ডাকাতদের হানা দেওয়ার কথা জানার পর তিনি সেখানে পুলিশের রাত্রিকালীন টহল জোরদার করেছেন।