ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নে চুরি ও ডাকাতি প্রতিরোধে সাত গ্রামের মানুষ এক মাস ধরে রাত জেগে পাহারা দিচ্ছে।
বাড়িতে ডাকাতি হওয়া কয়েকজন ভুক্তভোগী বলেন, পুলিশের হয়রানির ভয়ে তাঁরা মামলা করেননি। মামলা করতে গেলে পুলিশ নানা প্রশ্ন করে। তবে পুলিশের দাবি, এলাকায় তেমন কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। মাস খানেক আগে একটি দোকানে চুরি হয়েছে।
গুনিয়াউক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুখলেছুর রহমান বলেন, গত দুই মাসে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এ কারণে গ্রামবাসী চোর-ডাকাতের কবল থেকে নিজেদের রক্ষা করতে মাস খানেক ধরে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছে।
গুনিয়াউক ইউনিয়নের উত্তরপাড়া বাজারের ভাই ভাই সুপার মার্কেটের মা টেলিকম অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক আমিনুল ইসলাম বলেন, গত ১৭ জুন রাতে একদল ডাকাত মার্কেটের পাহারাদার আমীর আলীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে তাঁর দোকানে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে তারা একই গ্রামের আবদুর রহিমের বাড়িতে ডাকাতি করে। রহিম বলেন, ওই দিন রাতে ডাকাতেরা স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার জিনিস লুট করে নিয়ে যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ২০ থেকে ৩০ সদস্যের ডাকাত দল রাতে রামদা, ছুরি, বন্দুক, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। মাঝে মাঝে ডাকাতেরা রাতে লোকজনকে ডাকাডাকি করে। কেউ ঘর থেকে বের হলেই তাঁকে ঘেরাও করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং মারধরও করে। তাই চোর ও ডাকাত থেকে বাঁচতে গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক, বড় নিশ্চিন্তপুর, দাওড়া, গুটমা, চিতনা, বুরুঙ্গা, করগ্রামকে তিন ভাগ করে সাতটি প্রতিরক্ষা কমিটি করা হয়েছে। উত্তরপাড়ায় ২০০ সদস্যের সমন্বয়ে তিনটি, দক্ষিণ-পশ্চিমপাড়ায় ৫০০ সদস্যের সমন্বয়ে তিনটি ও সড়কপাড়ায় ১০০ সদস্যের সমন্বয়ে একটি প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেককে পালাক্রমে রাতে পাহারার দায়িত্ব পালন করতে হয়। দক্ষিণ-পশ্চিমপাড়ায় ২০ থেকে ৩০ জন করে, সড়কপাড়ায় পাঁচ থেকে ছয়জন করে প্রতি রাতে পালা করে পাহারা দেয়।
উত্তরপাড়ায় পাহারাদারদের প্রধান ফেরদৌস মিয়া বলেন, প্রতি রাতে ১০ জনের একটি দল উত্তরপাড়ার ২০০ বাড়ি পাহারা দেয়। পালাক্রমের দায়িত্ব পরিবর্তন হয়।
গুনিয়াউক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আবদুল আজিজ বলেন, এক মাস আগে পাশের ফান্দাউক ইউনিয়নের রসুলপুর ও চাপৈরতলা ইউনিয়নের কালীউত্তা গ্রামে ডাকাতি হয়। এরপর থেকেই চোর ও ডাকাত ধরতে তাঁর ওয়ার্ডের মানুষ প্রতি রাতেই পাহারা দিচ্ছে।
গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সামদানি বলেন, ডাকাতির ভয়ে এলাকাবাসী নিজেরাই রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাহারা দেওয়ার কারণেই এলাকায় চুরি-ডাকাতি কমেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের পুলিশের হয়রানির কথা অস্বীকার করে বলেন, ৬ জুলাই হবিগঞ্জের মাধবপুরের ১৮টি ডাকাতি মামলার আসামি আন্তজেলা ডাকাত ধনু মিয়াকে গুনিয়াউকের সাহেববাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে কেউ অভিযোগ নিয়ে আসে না। এ ছাড়া ওই ইউনিয়নের লোকজনও ডাকাত ধরতে পুলিশকে সহায়তা করে না।