ডাকাতি বন্ধে পুলিশের টহল জোরদারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ডাকাতির ঘটনা বাড়ায় পুলিশের টহল জোরদারের দাবি জানানো হয়েছে। জেলা আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় বক্তারা এই দাবি জানান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ব্যবসা ও বাল্যবিবাহ বন্ধের এই বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সভায় সিরাজদিখানের শেখরনগরে একটি পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের দাবি তোলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা।
সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহরুন নেসা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা।