ডাকাতি বাড়ায় ওসিকে প্রত্যাহারের দাবি
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচরে ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সভায় গতকাল সোমবার এ বিষয়ে আলোচনা হয়। সভায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খানকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সভায় বলা হয়, ওই মহাসড়কে এক মাসে বাস, ট্রাক ও মাইক্রোবাসে ছিনতাই, ডাকাতিসহ ২৫-৩০টি অপরাধের ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
সভায় উপস্থিত কয়েকজন জানান, আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। চিহ্নিত অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়া হলেও পুলিশ তাদের গ্রেপ্তারে উদ্যোগ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর মেয়রসহ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কুলিয়ারচর ইউএনও মোহাম্মদ মমিনুর রহমানসহ অনেকেই চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন।
সভায় জানানো হয়, কুলিয়ারচরের বাজরা, বত্তরমারা সেতু, দড়িয়াকান্দি, ছয়সূতি, বরতলি এলাকায় চিহ্নিত ডাকাত ও দুর্বৃত্তরা নানা অপরাধমূলক কাজ করছে।
এ ব্যাপারে ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘থানায় কিছুদিন হলো যোগ দিয়েছি। প্রচণ্ড কুয়াশার কারণে অপরাধীরা নির্বিঘ্নে অপরাধ করে যাচ্ছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। চিহ্নিতরা শিগিগরই গ্রেপ্তার হবে।’