ডাকাতি মামলায় মোস্তফার রিমান্ড নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে পুলিশের হাতে নির্যাতিত ঠিকাদার গোলাম মোস্তফার (৩৩) রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবু ইব্রাহিমের আদালত গতকাল মঙ্গলবার আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
একটি ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে কোতোয়ালি থানার পুলিশ গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল।
মোস্তফার স্বজনেরা জানান, ৯ সেপ্টেম্বর দুপুরে যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীসহ মোস্তফাকে আটক করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দীন। দুজনকে ছেড়ে দেওয়া বাবদ এসআই এক লাখ টাকা দাবি করেন। ওই টাকা না পেয়ে মোস্তফাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হাতের তিনটি আঙুল ভেঙে দেন। এরপর একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখান।
এ নিয়ে গতকাল ‘টাকা না পেয়ে নির্যাতন, ডাকাতি মামালায় গ্রেপ্তার!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গোলাম মোস্তফার আইনজীবী মিলন মিত্র গতকাল ওই প্রতিবেদনটি আদালতে জমা দিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন এবং রিমান্ডের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন। বিচারক রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন।