ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা পৃথক তিনটি অভিযান চালিয়ে ডাকাতির মামলার আসামিসহ বিদেশি এয়ারগান ও মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে।গত সোমবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে চারটি মুঠোফোনসহ একটি ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ডাকঘর গ্রামের আকল মিয়া (২৮), কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাটাবুকা গ্রামের মো. বিল্লাল আহমেদ (২৮) ও সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গোরাডুমভুর গ্রামের মো. সাইদুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিদের বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।একই দিন দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় র‌্যাবের সদস্যরা সংঘবদ্ধ একদল দুষ্কৃতকারীদের ধাওয়া করেন। দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা একটি বিদেশি এয়ারগান উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্র সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করে হস্তান্তর করা হয়েছে।র‌্যাব গত সোমবার রাত সোয়া সাতটায় অন্য আরেকটি অভিযানে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অভিযান চালায়। এ সময় আট বোতল ফেনসিডিলসহ আজমল আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার ভুঁইয়ারমোড়া গ্রামে। উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।