চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১০ নম্বর উত্তর মাদর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন ডাকাতি ও অস্ত্র মামলার আসামি সেই জাকির হোসেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২২ জুন উত্তর মাদর্শা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গত বছরের ১৭ জুলাই বিচারিক হাকিম কেশব কুমার রায়ের আদালতে ডাকাতিতে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তাঁরা বলেন, জাকির তাঁদের গডফাদার। তাঁদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশে তৈরি দুটি বন্দুক ও আটটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পরে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) কাশেম ভূঁইয়া বাদী হয়ে জাকিরকে এক নম্বর আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে জাকিরের বিরুদ্ধে এজাহারে আনা অভিযোগের সত্যতা পেয়ে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই সময়ে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়। মামলা দুটি এখনো আদালতে বিচারাধীন।নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেছেন, জাকির নির্বাচিত হলে এ ইউনিয়ন ডাকাত ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হবে। আর পরাজিত হলে প্রতিশোধ নিতে অনেকের বাড়িতে ডাকাতিসহ নানা উপদ্রব চালানো হতে পারে।চেয়ারম্যান পদপ্রার্থী মুছা আলম বলেন, ‘আমি বেশ ভয়ের মধ্যে আছি। আমাকে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। মামলার বিষয়ে তিনি বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করে ওই মামলায় জড়িয়েছে।’ ডাকাতি ও অস্ত্র মামলায় জাকিরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচনী এলাকায় কেউ বেআইনি প্রভাব বিস্তারের চেষ্টা করছে এমন অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেব।’