ডাকাতি মামলায় সাতজনের কারাদণ্ড
মাদারীপুরের রাজৈরে বেসরকারি সংস্থা ব্র্যাক কার্যালয়ে ডাকাতি করার অপরাধে সাতজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।গত সোমবার দুপুরে মাদারীপুর যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ ঘটনায় হওয়া মামলার তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ড পাওয়া সাত ব্যক্তি হলেন সদর উপজেলার রূপাইয়া গ্রামের আজাহার ওরফে আজাদ, পুটিয়া গ্রামের আমিন মাতুব্বর, ঘটমাঝি গ্রামের সরোয়ার হোসেন, মস্তফাপুর বড়খালপাড় গ্রামের মিজানুর রহমান হাওলাদার, ঘটকচর গ্রামের রবিদুল শরীফ, খাগদী গ্রামের লিয়াকত মাতুব্বর ও আবুল হোসেন। এসব আসামি পলাতক রয়েছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০০ সালের ২ ফেব্রুয়ারি রাতে আসামিরা রাজৈর উপজেলার ব্র্যাক কার্যালয়ে ঢুকে এক লাখ ১০ হাজার ৪৬১ টাকা লুট করে নিয়ে যান।