ডাকাতি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে
ডাকাতির মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মামলায় হাজিরা দিয়ে জামিন আবেদন জানালে শুনানি শেষে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালত-৩–এর বিচারক জাহিদুল ইসলাম এ আদেশ দেন।
ওই ছাত্রলীগ নেতার নাম এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০১৪ সালের ২৮ আগস্ট উপাচার্যের দপ্তরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাঁকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ২১ আগস্ট রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকার একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ওই ঘটনায় হওয়া মামলার তদন্তে তৌহিদের নাম আসে। তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি মামলায় হাজিরা দেননি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ হাজিরা দিয়ে জামিন আবেদন জানাতে গেলে বিচারক জাহিদুল হক শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।