ডাকাতি শেষে পালানোর সময় দুজন গ্রেপ্তার
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গত সোমবার রাতে এক বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে দুজনকে আটক করেছে। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তাঁদের কাছ থেকে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি হলেন উপজেলার ওয়াইজনগর গ্রামের শহীদুল ইসলাম (৪০) ও শ্যামনগর গ্রামের মোবারক হোসেন (৪৫)।পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১২-১৩ সদস্যের একটি ডাকাত দল উপজেলার বান্দাইল গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সদস্যদের জিম্মি করে ফেলে। পরে আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুট করে। একপর্যায়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামবাসী ছুটে আসে। পরে ধাওয়া দিয়ে শহীদুল ও মোবারককে আটক করে পিটুনি দেয়। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।