রাজধানীতে ডাকাতি হওয়া আড়াই কোটি টাকার কাপড় উদ্ধার ও এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেল ও রাতে ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে পুলিশ তাঁদের কাছ থেকে ৬৯ হাজার ৯০০ গজ কাপড় উদ্ধার করে, যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবুল, হোসেন আলী, তৈয়ব আলী, সুমন, হোসেন, জসিম ও ইবনুল। তাঁদের মধ্যে জসিম ও ইবনুল ডাকাতি হওয়া কাপড়গুলো কিনেছিলেন। বাকিরা ডাকাতির সঙ্গে জড়িত বলে ডিবি সূত্র জানিয়েছে।গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হাজির করা হয়।এ সময় অভিযানে নেতৃত্বদানকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মশিউর রহমান বলেন, ‘১৯ ডিসেম্বর রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ওই কাপড়গুলো ডাকাতি হয়। মিরপুরের একটি তৈরি পোশাক কারখানার জন্য কাপড়গুলো চট্টগ্রাম কাভার্ড ভ্যানে করে আনা হচ্ছিল। ডাকাতেরা চালক ও তাঁর সহযোগীকে মারধর করে হাত, পা, মুখ বেঁধে কাপড়গুলো ছিনিয়ে নিয়ে যায়।’ ওই পোশাক কারখানার চেয়ারম্যান হারুক আহমেদ প্রথম আলোকে বলেন, চীন থেকে কাপড়গুলো আমদানি করা হয়। এসব কাপড় দিয়ে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির জন্য পোশাক তৈরির কথা।ডাকাতদলের সদস্য আবুল সাংবাদিকদের বলেন, ডাকাতির পর কাপড়গুলো তাঁরা কেরানীগঞ্জের কাপড় ব্যবসায়ী জসিম ও ইবনুলের কাছে ১৫ লাখ টাকায় বিক্রি করেন।জসিম ও ইবনুল বলেন, তাঁরা জেনে-শুনেই চোরাই কাপড়গুলো কিনেছিলেন। এসি মশিউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাঁরা এর আগে বিভিন্ন সময়ে চাল, তেল ও রডবোঝাই ট্রাক ডাকাতি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।