ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির বাড়িতে হামলা ও লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে একটি বাজারের চারটি দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে দুই ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আয়নাল হোসেনের নেতৃত্বে রোববার সকালে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।কোলা গনিপুর গ্রামের বর্গাচাষি বাদেশ আলী ও উত্তর গনিপুর গ্রামের মাইক ব্যবসায়ী নূরুল ইসলামের বাড়িতে এ হামলা চালানো হয়। ওই দুই বাড়ির দুটি নলকূপ ও চুলা ভেঙে ফেলা হয়। তাঁদের লেপ-তোষকে পানি ঢেলে দেওয়া হয়েছে। ভয় ও আতঙ্কে চার দিনেও দুটি পরিবারের কেউ বাড়িতে ফিরতে পারেনি। ইউপি সদস্য আয়নাল হোসেনের দাবি, বাদেশ আলী ও নূরুল ইসলাম এলাকায় চুরি-ডাকাতি করত। জাফরপুর রেলবাজারে ডাকাতির ঘটনায় পুলিশ ওই দুজনকে গ্রেপ্তারের জন্য তাদের বাড়িতে হানা দেয়। বাড়িতে না থাকায় তাদের গ্রেপ্তার করতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে গ্রামের লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান অভিযোগ অস্বীকার করে বলেছেন, আইনের পোশাক পরে একজন সুস্থ ব্যক্তি কারও ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের নির্দেশ দিতে পারেন না। জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, কেউ চুরি-ডাকাতির কাজে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে দেশে প্রচলিত আইন আছে। চুরি-ডাকাতির অভিযোগ তুলে কারও ঘরবাড়িতে হামলা চালানো যাবে না। কেউ এমনটি করলে সেটি হবে মানবতাবিরোধী অপরাধ। কেউ এমন ঘটনার শিকার হলে আদালতের আশ্রয় নিতে পারেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে (১৯ জানুয়ারি) জাফরপুর রেলবাজারে ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। তারা অস্ত্রের মুখে চারজন দোকানিকে জিম্মি করে দোকানের মালামালসহ নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনার পরের দিন শুক্রবার রাতে পুলিশ কোলা গনিপুর গ্রামের বাদেশ আলী ও উত্তর গনিপুর গ্রামের নূরুল ইসলামের বাড়িতে হানা দেয়। বাড়িতে না থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনার এক দিন পর ২২ জানুয়ারি সকাল সাড়ে আটটার দিকে সোনামুখী ইউনিয়নের সদস্য আয়নাল হোসেনের নেতৃত্বে একটি দল মিছিল নিয়ে কোলা গনিপুর গ্রামের বাদেশ আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। সেখান থেকে তারা মিছিল নিয়ে ফিরে একই কায়দায় উত্তর গনিপুর গ্রামের নূরুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।মঙ্গলবার ওই দুটি গ্রামে দেখা গেছে, দুটি বাড়ির উঠানের সামনে ভাঙা আসবাবপত্র পড়ে আছে। চুলা ও নলকূপ ভেঙে ফেলা হয়েছে। সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, তিনি সাংবাদিকদের কাছেই ঘটনাটি জানলেন। আগে কেউই তাঁকে ঘটনাটি জানায়নি। কউই আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। এ ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে।