ডাকাতির অভিযোগে ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫
মিরসরাইয়ে ডাকাতিতে জড়িত থাকায় ছাত্রলীগের দুই নেতাসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মিরসরাই থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: ইকবাল হোসেন, আবু তাহের, আবু হাসান ওরফে বাবু, মো. আজিম চৌধুরী ও মো. জিয়া চৌধুরী। তাঁদের সবার বাড়ি মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে।জানা গেছে, ইকবাল হোসেন ডাকাতিতে জড়িত থাকার দায়ে প্রায় আড়াই বছর জেল খেটে ছয় মাস আগে জামিনে মুক্তি পান। মুক্তির পর আবার ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত হন তিনি। এসব কাজে সারাক্ষণ তাঁকে সঙ্গ দিতেন ছাত্রলীগের ধৃত দুই নেতাসহ অন্যরা। সবাই বিষয়টি জানলেও ছাত্রলীগ করায় ভয়ে কেউ মুখ খুলত না। ইকবাল ২০০৯ সালে মধ্যম ওয়াহেদপুরে দেলোয়ার হোসেনের বোনের বাড়িতে ডাকাতি করেন। ওই ডাকাতির ঘটনায় তিনি প্রধান আসামি ছিলেন। এঁদের মধ্যে আজিম চৌধুরী উপজেলা ছাত্রলীগের মাইনুর ইসলাম-সমর্থিত কমিটির কার্যকরি পরিষদের সদস্য, আর জিয়া উদ্দিন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, ১১ জানুয়ারি রাতে ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে মতিউর রহমান ভূঁইয়া ও সেনাবাহিনীর সৈনিক আবু জাফরের ঘরে ডাকাতি হয়। ওই ডাকাতিতে জড়িত থাকায় গত শনিবার উপজেলার দমদমা এলাকা থেকে ডাকাত দলের সদস্য ইকবালকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই দুই বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেন এবং দলের অন্য সদস্যদের নাম বলেন। ইকবালের স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ডাকাত আবু তাহের পুলিশকে জানান, ওই দিন ডাকাতিতে তাঁরা ১৫ জন অংশ নিয়েছিলেন। মধ্যম ওয়াহেদপুর এলাকায় ডাকাতির পর তাঁরা সবাই কক্সবাজারে ঘুরতে যান।মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানা ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায়ভার দল নেবে না। তাই ওই দুই নেতাকে সাময়িকভাবে দলের নেতৃত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাঁদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে বলে তিনি জানান।