ডাকাতির অস্ত্র পুকুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের একটি পুকুর থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার করেছে মিরসরাই থানার পুলিশ। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে তিনটি দেশে তৈরি বন্দুক, দুটি বড় রামদা, একটি বড় কিরিচ, একটি রড কাটার যন্ত্র ও একটি শাবল।
গতকাল শনিবার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়ার কানু চৌধুরীর দিঘি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানান, গত ২৮ মে গভীর রাতে সাহেরখালী ইউনিয়নের বাপনাপুকুর ও মায়ানী এলাকার দুই বাড়িতে ডাকাতি হয়। ডাকাতি করে ফেরার সময় মো. রনি (২৭) ডাকাতির অভিযোগে গণপিটুনিতে মারা যান। ওই ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মো. রাজু, সোহেল ও জসীম নামের তিনজনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিরা পুলিশকে জানান, অস্ত্রগুলো বিভিন্ন স্থানে ডাকাতির কাজে ব্যবহৃত হতো।
অস্ত্র উদ্ধারের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।