ডাকাতির কাজে জড়িত অভিযোগে ২ নারীসহ তিনজন গ্রেপ্তার
ডাকাতি ও ছিনতাইয়ের কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী ও এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুই নারীর বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সেজে ডাকাত ও ছিনতাইকারীকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এই তিনজনকে গত সোমবার রাতে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের পূর্ব মুশুরিয়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে সেলিনা বেগম (২২) ও তাঁর ননদ রেশমা বেগমকে (২০) পুলিশ গ্রেপ্তার করেছে। সেলিনা বেগম ডাকাত আহমদ মিয়ার স্ত্রী। অপরদিকে একই রাতে সিএনজিচালিত অটোরিকশার চালক তছবির মিয়াকে (৩০) কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সিংগাইউড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আলমগীর হোসেন বলেন, ‘এই মহিলারা অটোরিকশায় যাত্রী হয়ে বসে থাকে। যাতে যাত্রীরা অটোরিকশাকে কোনোভাবে সন্দেহ না করতে পারে। তারপর সুবিধামতো জায়গায় গিয়ে নেমে পড়ে।’