ডাকাতির চেষ্টার অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় নৈশকোচে ডাকাতির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার রাজারামপুর এলাকায় গত সোমবার রাতে ওই ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খায়রুল ইসলাম (৩০), একই উপজেলার তালিবপুর গ্রামের জিল্লুর রহমান (২৮) ও জয়পুরহাটের আক্কেলপুরের ভানুরকান্দি গ্রামের নাছিম উদ্দিন (৩৫)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের ওই স্থানে গত সোমবার রাতে ৮-১০ জনের একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর তারা দূরপাল্লার যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ সেখানে উপস্থিত হলে ডাকাতেরা পালিয়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনার পর পুলিশ ডাকাতদের পিছু নেয়। একপর্যায়ে মহাসড়কের আংরার সেতুর অদূরে একটি ট্রাকে উঠে পালানোর সময় পুলিশ ধাওয়া করে ট্রাকসহ তিনজনকে আটক করে। তাদের পরনে হাফপ্যান্ট ও গেঞ্জি ছিল। তাদের কাছ থেকে গাছকাটা করাত ও ধারালো ছুরি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাহার আলী বাদী হয়ে ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।