ডাকাতির চেষ্টার অভিযোগে গণপিটুনি, নিহত ৪
বাগেরহাট শহরের বিভা এন্টারপ্রাইজে গতকাল বৃহস্পতিবার রাতে ডাকাতির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে চার ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ডাকাতদের মারধরে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শেখ আশিকুর রহমান জানান, ক্যাশে প্রায় ২৫ লাখ টাকা ছিল। রাত সাড়ে আটটার দিকে পাঁচ-ছয়জন সশস্ত্র যুবক তাঁর কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনিরুজ্জামান বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ডাকাতেরা টাকা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় কার্যালয়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এরই ফাঁকে তাঁদের এক কর্মী ডাকাতদের অজ্ঞাতে বাইরে বের হয়ে মূল ফটকে তালা দিয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে কার্যালয় ভবন ঘিরে ফেলে। একপর্যায়ে ভেতরে ঢুকে ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, ডাকাতদের মারধরে আহত মনিরুজ্জামানকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, পাঁচ ব্যক্তি রাত সাড়ে আটটার দিকে শহরের শালতলা এলাকায় সমবায় ভবনের দ্বিতীয় তলায় বিভা এন্টারপ্রাইজে ডাকাতির চেষ্টা চালায়। জনতা তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা গণপিটুনির শিকার হয়। রাত ১১টার দিকে পুলিশ সমবায় ভবনের দোতলার সিঁড়ি এবং বিভা এন্টারপ্রাইজের কার্যালয় থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি পিস্তল ও ডাকাতি করা বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত মামলা হয়নি।বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক আসাদুল্লাহ আল গালিব জানান, রাত সোয়া ১১টার দিকে পুলিশ পাঁচ যুবককে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজন হাসপাতালে আনার আগেই মারা যায়। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।