ডাকাতির দায়ে চার পুলিশের কারাদণ্ড
ডাকাতির দায়ে চার পুলিশ সদস্যসহ পাঁচজনের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
আদালত সাজা পাওয়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও দুই মাসের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। মামলার আরেক আসামি নাজমুল হাসানকে বেকসুর খালাস দেন আদালত।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম, কনস্টেবল শাহ আলম, রাজা বাবু ও আশিকুর ইসলাম এবং সাংবাদিক পরিচয়ধারী পাভেল আহমেদ। ঘটনার সময় সাজা পাওয়া পুলিশের চার সদস্য এপিবিএনে ছিলেন।
রায়ে বলা হয়, তাঁরা একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ার পরও ডাকাতি করার উদ্দেশ্যে বিমানবন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, যা ক্ষমার অযোগ্য। আসামিরা পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে এ ঘটনা ঘটিয়েছেন।
রায় ঘোষণার আগে পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পাওয়া আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার বাদী সাইফুল ইসলাম ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে তাঁর মামার পাঠানো স্বর্ণ ও মুঠোফোন আনতে বিমানবন্দর এলাকায় যান। আর বাদীর গাড়িচালক শাহ আলম তাঁকে ফোন করে গাড়ি পার্কিং-এ যেতে বলেন। বাদী রেলওয়ে পার্কিংয়ে গিয়ে শাহ আলমকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। একপর্যায়ে পুলিশ পরিচয় দিয়ে আসামিরা বাদী সাইফুলের কাছ থেকে চারটি মুঠোফোন, ১০০ গ্রাম স্বর্ণ ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরবর্তী সময়ে আসামিরা তাঁকে মারধর করে গাড়িতে থাকা ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান। এ ঘটনায় সাইফুল ইসলাম ঢাকা রেলওয়ে থানায় বাদী হয়ে মামলা করেন। গত বছরের ২৩ ডিসেম্বর এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।