ডাকাতির দায়ে ৪ পুলিশসহ ৫ জনের কারাদণ্ড
ডাকাতির মামলায় রায়ে পুলিশের চার সদস্যসহ পাঁচজনের ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন। আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডিত পাঁচ আসামির মধ্যে পুলিশের চার সদস্য হলেন এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম, এএসআই শাহ আলম, কনস্টেবল আশিকুর রহমান ও রাজা বাবু। অপরজন কথিত সাংবাদিক পাভেল মাহমুদ। এ মামলায় নাজমুল হাসান মামুন নামের এক আসামি খালাস পেয়েছেন।
গত বছরের ১৭ সেপ্টেম্বর ঢাকার বিমানবন্দরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে সাইফুল ইসলাম ভূঁইয়া নামের এক ব্যক্তির দুটি মোবাইল ফোন, ১০০ গ্রাম ওজনের স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে এ আসামিদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেন।
গত বছরের ২৩ ডিসেম্বর মামলার তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন রেলওয়ে থানার এএসআই আলী আকবর। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন চার আসামি। তাঁরা হলেন আমিনুল ইসলাম, শাহ আলম, রাজা বাবু ও পাভেল মাহমুদ।
আদালত এ মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রায় ঘোষণার পর দণ্ড পাওয়া আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।