ডাকাতির প্রতিবাদে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির ঘটনার প্রতিবাদে হবিগঞ্জের বাহুবল উপজেলার ক্ষুব্ধ এলাকাবাসী আজ শুক্রবার পাঁচ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ডাকাতদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসে সকাল নয়টার দিকে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ ভোররাত তিনটার দিকে বাহুবল উপজেলার ইসলামাবাদ (মৌচাক) এলাকার বাসিন্দা আবদুল কাইয়ুমের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের ধারে। ডাকাতরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৪২ ভরি স্বর্ণ, দুই লাখ টাকাসহ ৩০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী ভোর চারটা থেকে ওই মহাসড়কে অবস্থান নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতিও বাড়তে থাকে। পাশাপাশি মহাসড়কে যানজটও বাড়ে।

সকাল নয়টার দিকে খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ ঘটনাস্থলে যান। তিনি দুই দিনের মধ্যে ডাকাতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী পুলিশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা সাইফুল আলম বলেন, বাহুবলসহ এর আশপাশের এলাকায় ইদানীং ডাকাতির ঘটনা বেড়ে গেছে। পুলিশ ডাকাতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এবং আজ আবার ডাকাতি হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহূত একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। গাড়ির ভেতর রামদা, চাপাতি ও খেলনা পিস্তল পাওয়া গেছে।