ডাকাতির প্রতিবাদে বাউফলে জুয়েলারি ব্যবসায়ীদের ধর্মঘট
পটুয়াখালীর বাউফল থানার কাছে কুণ্ডুপট্টি এলাকায় সোনার দোকানে ডাকাতির প্রতিবাদে ও অবিলম্বে ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার উপজেলা জুয়েলারি সমিতির উদ্যোগে জুয়েলারি ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন।
গত শনিবার সন্ধ্যায় বীণা জুয়েলার্স নামের স্বর্ণালংকারের একটি দোকানে গুলি ছোড়ে ও ককটেল ফাটিয়ে ডাকাতি হয়েছে। এ সময় প্রায় ৬০ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করা হয়েছে। গুলি ও ককটেলের স্প্লিন্টারে দোকানের দুই কর্মচারী ও এক রিকশাচালক আহত হয়েছেন।
জুয়েলারি সমিতির বাউফল পৌরসভা শাখার সভাপতি লিটন কুমার সাহা বলেন, থানা থেকে মাত্র ১০০ গজ দূরে গুলি ছোড়ে ও ককটেল ফাটিয়ে ডাকাতি হয়েছে। দোকানে সচল সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ডাকাত গ্রেপ্তার হয়নি। এটা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ওই ডাকাতির ঘটনায় দোকান মালিক সুশান্ত কুমার সাহা শনিবার রাতেই অজ্ঞাতনামা ছয়-সাতজনের নামে বাউফল থানায় একটি ডাকাতি মামলা করেছেন।
এদিকে পুলিশ গতকাল সকালে উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের মধ্যে মসজিদের শৌচাগারের পাস থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল ও পাশের নাজিরপুর গ্রামের হাজিবাড়ির পশ্চিম পাশের খেত থেকে রক্তমাখা গেঞ্জি ও স্বর্ণালংকার রাখার ট্রে উদ্ধার করেছে এবং রণজিৎ (৩৪) নামের ওয়ার্কশপের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকাশ্যে গুলি ও ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা বাউফলে এই প্রথম। এ কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা সদরে সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ আহম্মেদ তালুকদার বলেন, শিগগির ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘আশা করছি সিসি ক্যামেরা ও পারিপার্শ্বিক অধিকতর তদন্তের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
গতকাল প্রথম আলোয় ‘বাউফলে গুলি ও ককটেল ফাটিয়ে ডাকাতি, আহত ৩’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।