ডাকাতির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ব্যবসায়ী সমিতির আহ্বানে গতকাল শনিবার ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলা শহরের তিনটি সোনার দোকানে ডাকাতির প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুট হওয়া সোনার অলংকার উদ্ধারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে দামুড়হুদা থানার পুলিশ সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গত শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: দামুড়হুদা শহরের ইলিয়াস আলী (৪৫) ও দর্শনার সোহেল রানা (২২)। জানা গেছে, দামুড়হুদায় ব্যবসায়ী সমিতি গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করে। ধর্মঘট চলাকালে স্থানীয় থানা মোড়ে রাস্তার ওপর বসে এক ঘণ্টার অবরোধ কর্মসূচিও পালন করা হয়।কর্মসূচি চলাকালে ব্যবসায়ী সমিতির সভাপতি হেদায়েত উল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ইতিমধ্যে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।