ডাকাতির প্রস্ততিকালে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনীর ফুলগাজীতে গত শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত দুইটার দিকে ফুলগাজী থানার পুলিশের একটি টহল দল ফুলগাজী বাজার এলাকার ফেনী-পরশুরাম সড়কের যাত্রী ছাউনিতে কয়েকজন লোককে বসে থাকতে দেখেন। পুলিশ তাঁদের দিকে এগিয়ে যেতে কয়েকজন দৌড়ে পালিয়ে যান।
এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। তাঁরা হলেন ফুলগাজী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হক (২৮) এবং ইউনিয়ন যুবলীগের সদস্য মো. বাবু (২৭)। সেখানে এত রাতে বসে থাকার কারণ জানতে চাইলে তাঁরা পুলিশকে কোনো সদুত্তর দিতে পারেননি। তাঁদের দুজনের বিরুদ্ধে তিনটি করে মামলা ছিল।
গতকাল শনিবার তাঁদের দুজনকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আরও একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফুলগাজী উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রাব্বানী মজুমদার জানান, গ্রেপ্তার দুজন যুবলীগ কর্মী বলে দাবি করলেও তাঁরা কোনো পদ-পদবিতে নেই।
ফুলগাজী থানার উপপরিদর্শক শাহ আলম মিয়া দুজনকে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।