ডাকাতির প্রস্তুতিকালে আটক মাইক্রোবাসের মালিকও পুলিশ সদস্য
চট্টগ্রামে তিন পুলিশসহ সাত ডাকাত যে মাইক্রোবাস নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, সেটির মালিক পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। আবদুল কুদ্দুস নামের পুলিশের এই এসআই বর্তমানে জেলা পুলিশের অধীনে পটিয়া থানার কালারপোল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত। তবে তিনি তাঁর স্ত্রীর নামে মাইক্রোবাসটি কেনেন বলে জানান।এদিকে মঙ্গলবার মাইক্রোবাসসহ গ্রেপ্তার হওয়া সাতজনকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাইক্রোবাসটি এখন কোতোয়ালি থানার হেফাজতে রয়েছে।জানা গেছে, এসআই কুদ্দুসের মাইক্রোবাসটি পরিচালনা করতেন কামরুল। কামরুল তাঁর স্ত্রীর খালাতো ভাই। মঙ্গলবার ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ গ্রেপ্তার সাতজনের মধ্যে কামরুলও ছিলেন। এর আগে খুলশী থানা এলাকায় ডাকাতির ঘটনায় তিনি গ্রেপ্তার হন। পরে জামিনে বেরিয়ে আবার ডাকাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ জানায়, নগরের কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে একজন পুলিশ সদস্য ও দুজন চাকরিচ্যুত পুলিশ সদস্য রয়েছেন। ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুজন চাকরি হারান। পরে তাঁরা সংঘবদ্ধ ডাকাত দলের সঙ্গে মিশে ডাকাতি-ছিনতাই-অপহরণের মতো ঘটনায় জড়িয়ে পড়েন।আটক মাইক্রোবাসটি নিজের দাবি করে পুলিশের এসআই কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘আমার সময় কোথায়। তাই আমার স্ত্রীই এটা দেখাশোনা করে। কত দিয়ে কিনেছে, তা সে-ই ভালো বলতে পারে।’ গাড়ির সঙ্গে তাঁর শ্যালক গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কামরুল নামে আমার কোনো শালা-টালা নাই। পুলিশের এ ধরনের শালার অভাব হয় না। লালদীঘির পাড়ে যেখানে গাড়িটি ভাড়ায় দিয়েছিলাম, সেখানকার চালক গাড়িটি ডাকাতির কাজে নিয়ে গেলে আমার করার কী আছে?’ চাকরি হারাচ্ছেন সুমন: ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য নুরুল ইসলাম ওরফে সুমন স্থায়ীভাবে চাকরি হারাচ্ছেন বলে নগর পুলিশের একজন উপকমিশনার জানান। সুমন (নম্বর ৩২৯) নগরের দামপাড়া পুলিশ লাইনে কর্মরত। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের আগে থেকেই সুমনের বিরুদ্ধে তিনটি অসদাচরণের অভিযোগ তদন্ত হচ্ছে। তদন্তে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণে তাঁকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারের পর নিয়মানুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও করা হয়েছে।পালিয়েছেন আরও চারজন: গ্রেপ্তার সাতজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, তাঁদের দলে থাকা আরও চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এই চারজন হলেন—পটিয়ার কাওসার, হাতিয়ার মোশারফ, নগরের দেওয়ান বাজারের আরিফ ও চকবাজারের শাহাবুদ্দীন। টাকা ছিনতাইকালে কিংবা ব্যবসায়ীকে অপহরণকালে লোকজনের কাছ থেকে কোনো বাধা এলে সাধারণ মানুষ সেজে ডাকাতদের সহায়তা করার কথা ছিল তাঁদের। এসআই মো. মহসীন জানান, ওই চারজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।