ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২
নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ।আটক যুবকেরা হলেন: দোলোয়ার হোসেন (২১) ও মো. সুজন (১৮)। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে পুলিশ দুটি ছোরা উদ্ধার করে। আটক যুবকদের গতকাল শুক্রবার এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে দেলোয়ার হোসেন ও সুজনসহ একদল যুবক জয়নারায়ণপুর গ্রামের সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল সেখানে গিয়ে গ্রামবাসীর সহায়তায় দেলোয়ার ও সুজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।জানতে চাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে আটকের কথা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল আলম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, আটক যুবকদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।