ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, বোমাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে নয়টায় সিএনজিচালিত অটোরিকশাযোগে তাঁরা ডাকাতি করতে যান। গ্রেপ্তার করা ডাকাতদের বিরুদ্ধে বুড়িচং থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ রাজাপুর রেলস্টেশন এলাকার একটি সড়কের মধ্য থেকে সিএনজিচালিত অটোরিকশা আটক করে। ওই সময় পুলিশ পাঁচ ডাকাতকে ১২টি রামদা, আটটি চকলেট বোমা, দুটি স্ক্রু-ড্রাইভারসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে। গ্রেপ্তার করা ডাকাতেরা হলেন: বুড়িচং উপজেলার জামতলা গ্রামের কসাই বাবুল (৩০), গোপীনাথপুর গ্রামের আল আমিন (২৫), ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানি গ্রামের বিল্লাল হোসেন (২৮), গোপালনগর গ্রামের ইমন হোসেন মামুন (১৯) ও আদর্শ সদর উপজেলার রামপুর গ্রামের মনির হোসেন (২০)। তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, ‘তিনটি অটোরিকশা নিয়ে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আমরা তাঁদের গ্রেপ্তার করি। তাঁদের কাছে রামদা ও চকলেট বোমা পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা ডাকাতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’