নোয়াখালীর সেনবাগের কুতুবেরহাট এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে পিকআপ ভ্যান নিয়ে ডাকাতি করতে আসা ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে গ্রিল কাটার যন্ত্র, ধারালো ছোরাসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার ও একটি পিকআপ ভ্যান আটক করা হয়।আটক দুই যুবক হলেন মোতালেব হোসেন ওরফে রনি (২৫) ও মেহরাজ প্রকাশ জুয়েল (২২)। তাঁদের দুজনের বাড়িই চট্টগ্রাম জেলায়। আটক যুবকদের গতকাল শনিবার ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী প্রথম আলোকে বলেন, রাত আনুমানিক একটার দিকে ৮-১০ জনের একদল ডাকাত একটি পিকআপ ভ্যান নিয়ে কুতুবেরহাট বাজারে আসে। এ সময় বাজারে টহল পুলিশ ও জনতার উপস্থিতি দেখে পিকআপের পেছনে থাকা ডাকাতেরা পালিয়ে গেলেও সামনে বসা মোতালেব ও মেহরাজকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ-জনতা।অন্যদিকে জেলার শহরে সুধারাম (সদর) মডেল থানার মাত্র ৫০ গজ দূরে পৌরসভা মার্কেটের নিচতলায় ‘নিউ সাকসেস কম্পিউটার’-এর একটি কম্পিউটার শোরুমে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোররা শোরুমের শাটারের তালা ভেঙে ও লোহার গ্রিল কেটে ভেতর থেকে চার লাখ ৫৯ হাজার টাকার মালামাল ও নগদ এক হাজার ২২৫ টাকা নিয়ে যায়।শোরুমের পরিচালক নূর হোসাইন অভিযোগ করেন, এর আগে গত দুই মাসে আরও দুইবার একই কায়দায় শোরুমটিতে চুরির ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ শোরুমটি পরিদর্শন করে এসেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।