ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গত সোমবার মধ্যরাতে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার ও বোমা-কিরিচসহ ডাকাতির সামগ্রী উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পুলিশের একটি টহল দলের সদস্যরা শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ডানহাম সড়কের একটি বাসার পাশে ১২-১৩ জন লোককে দেখতে পান। পুলিশ দেখেই তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং কয়েকজন পাশের একটি কক্ষে ঢুকে পড়েন। অন্য কয়েকজন পালিয়ে যান।

পুলিশ ওই কক্ষ থেকে ছয়জনকে গ্রেপ্তার করে এবং কক্ষে তল্লাশি চালিয়ে তিনটি ককটেল, পাঁচটি কিরিচ, একটি গ্রিল কাটার মেশিন, একটি শাবল ও একটি রড উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে আবদুল কাদের (২৪), শহিদুল ইসলাম (২৬), সাইফুল ইসলাম (২৪), শাহাদাত হোসেন (২৫), আবদুল্লাহ আল ফারাহ (২৪) ও জাকির হোসেন (২২)। তাঁদের সবার বাড়ি ফেনী সদর উপজেলার পাঠানবাড়ি রোড, রামপুর, পূর্ব বিজয়সিংহ ও দক্ষিণ আবুপুরে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের নামে ইতিপূর্বেও ছিনতাই, সন্ত্রাস, মারামারির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার ফেনী থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করা হয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।